একদিনে দেশে করোনায় আক্রান্ত ৩৬ হাজার! উদ্বিগ্ন কেন্দ্র
Connect with us

দেশ

একদিনে দেশে করোনায় আক্রান্ত ৩৬ হাজার! উদ্বিগ্ন কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ মার্চ : একটা সময় দেশে দৈনিক সংক্রমণ নেমে এসেছিল ১০ হাজারের এর নিচে। সাধারণ মানুষ ভেবেছিল করোনা হয়ত দেশ থেকে বিদায় নিয়েছে।ফলে স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া সহ সাধারণ মানুষের একাংশের খামখেয়ালিপনার কারণে ফের মাথাচাড়া দিয়েছে করোনা।

বিশেষ করে মহারাষ্ট্রের মতন রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি। গোটা দেশেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান নিয়ে কার্যত উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই করোনার প্রকোপ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৮৭১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে বেশ কয়েক হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৭৪ হাজার ৬০৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ২১৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭২ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন মাত্র ১৭ হাজার ৭৪১ জন। যা দৈনিক আক্রান্তের কার্যত অর্ধেক। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৫২ হাজার ৩৬৪ জন। গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ২৫ জন।