রামনবমীর আগে কলকাতায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, গ্রেফতার দুই
Connect with us

কলকাতা

রামনবমীর আগে কলকাতায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, গ্রেফতার দুই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রামনবমীর প্রাক্কালে শহরে অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতা পুলিশের তৎপরতায় গার্ডেনরিচ ও হাওড়া স্টেশন এলাকা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। গ্রেফতার হয়েছে দুই ব্যক্তিও—মুর্শিদাবাদের বাসিন্দা আমজাদুল শেখ এবং মহম্মদ পারভেজ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এর আগে আনন্দপুর থেকে অস্ত্র-সহ দুই ব্যক্তির গ্রেফতারের ঘটনায় শুরু হয় তদন্ত। সেই সূত্র ধরেই উঠে আসে আমজাদুলের নাম। শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে চেন্নাই পালানোর চেষ্টা করার সময় তাঁকে ধরে ফেলে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি ইম্প্রোভাইজড পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ, চারটি সেমি-ফারনিশড বন্দুক এবং চারটি পিস্তলের ব্যারেল। আদালতে পেশ করার পর আমজাদুলকে ১৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুনঃ রামনবমী ঘিরে উত্তাল রাজনীতি, দিলীপের হুঁশিয়ারি— বাধা দিলে মাড়িয়ে যাবে

অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে গার্ডেনরিচ এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করে পুলিশ। তিনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বেরিয়েছিলেন বলে জানতে পেরেছিল গোয়েন্দারা। তাঁর কাছ থেকে একটি সিঙ্গল শটার বন্দুক ও একটি ৮ এমএম কার্তুজ উদ্ধার হয়েছে। লালবাজার ইতিমধ্যেই রামনবমীর আগে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে শহরে কড়া নজরদারি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে এসেছে এবং এর পেছনে আরও কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Advertisement
ads
Continue Reading
Advertisement