ভাইরাল খবর
মোদীকে ‘মিত্রবিভূষণ’ দিয়ে সম্মান জানাল শ্রীলঙ্কা, দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা
ডিজিটাল ডেস্কঃ একদিকে কচ্ছতিভু দ্বীপ ফেরত চেয়ে তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ, অন্যদিকে সেই আবহেই শ্রীলঙ্কায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—দুই দেশের সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করল এই সফর। BIMSTEC সম্মেলন শেষে কলম্বো পৌঁছেই বড় সম্মান পেলেন মোদী। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন ‘মিত্রবিভূষণ’ সম্মান।
শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়েছে, এই সম্মান শুধুমাত্র মোদীর নয়, বরং ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক। অনুষ্ঠান মঞ্চে মোদী বলেন, “এই সম্মান ১৪০ কোটি ভারতবাসীর। ভারত-শ্রীলঙ্কার সম্পর্ক ঐতিহাসিক এবং হৃদয়ের বন্ধনে গাঁথা।” রাষ্ট্রপতি দিশানায়েকে বলেন, “শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক চিরকালই গভীর। এই সম্মানের যোগ্য প্রধানমন্ত্রী মোদী।”
আরও পড়ুনঃ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদী
‘মিত্রবিভূষণ’ পদকটি নিজেই দুই দেশের সম্পর্কের প্রতীক। পদকে রয়েছে কলস, ধানের পাতা, চন্দ্র ও সূর্যের চিত্র এবং ৯টি রত্ন—সবকটি উপাদানই ঐতিহ্য ও সমৃদ্ধির প্রতীক। এই সফরের তাৎপর্য আরও বাড়িয়ে দেয় একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি। মোদী ও দিশানায়েকের বৈঠকে উঠে আসে প্রতিরক্ষা, জ্বালানি ও আর্থিক সহায়তার বিষয়। ত্রিঙ্কোমালিকে শক্তি কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ভার্চুয়ালি উদ্বোধন করা হয় একটি সৌর বিদ্যুৎ প্রকল্পেরও।
ভারত জানিয়ে দেয়, শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে একাধিক ক্ষেত্রে সহযোগিতা করবে তারা। প্রতিরক্ষা সহায়তার পাশাপাশি ভারত শ্রীলঙ্কাকে বহুমুখী অনুদান সহায়তা দেবে বলেও প্রতিশ্রুতি দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি দিশানায়েকে আশ্বাস দিয়েছেন, শ্রীলঙ্কা ভারতের নিরাপত্তার স্বার্থ ক্ষুণ্ণ হয়—এমন কোনও সিদ্ধান্ত নেবে না।
উল্লেখযোগ্য, বিগত বছরগুলোতে শ্রীলঙ্কা ক্রমেই চীনের দিকে ঝুঁকেছিল, যার পরিণতিতে দেখা দেয় গভীর অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা। সেই প্রেক্ষাপটে বামপন্থী নেতা অনুরা দিশানায়েকের প্রেসিডেন্ট হওয়া এবং তাঁর আমন্ত্রণে মোদীর সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা বলেই মনে করছে কূটনৈতিক মহল।
It is a matter of immense pride for me to be conferred the ‘Sri Lanka Mitra Vibhushana’ by President Dissanayake today. This honour is not mine alone – it is a tribute to the 1.4 billion people of India. It symbolises the deep-rooted friendship and historic ties between the… pic.twitter.com/UBQyTMoJ27
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
