রাজনীতি
“টুম্পা, তোকে নিয়ে ভোট দেব”, ভোটের মুখে নতুন প্যারোডি বামেদের
নিউজ ডেস্ক, ১৭ মার্চ : অভিজ্ঞতার চোখ দিয়ে যতই রাজনীতিকে দেখা হোক, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যে আজকের যুব সম্প্রদায়ের পছন্দ-অপছন্দ বুঝে নিতে হবে, তা দিব্যি টের পেয়েছে বাম নেতৃত্ব।
তাই ব্রিগেডের আগে বামেদের প্রচারে সুপারহিট হয়েছিল ‘টুম্পা সোনা’ গানের প্যারোডি। এমনিতেই ওই চটুল গান পাড়ার মোড়ের সরস্বতী পুজো থেকে সেলিব্রিটির বিয়ে সবেতেই যথেচ্ছ বেজেছে। সেই গানের ভাষা বদল করে সুর এক রেখে প্রচারে ঝড় তোলে বামেরা। স্বাভাবিকভাবেই সেই গান ব্যাপক ভাবে ছড়িয়ে যায়। তারপর ভাইরাল হয় ‘লুঙ্গি ড্যান্স’ সুরে বামেদের নতুন প্যারোডি ‘হাল ফেরাও লাল ফেরাও’।এবার ফের ‘টুম্পা সোনা’র দ্বারস্থ বামেরা। অতি পরিচিত এই আইটেম নম্বরের আরও একটি প্যারোডি তৈরি করে ফেলেছেন বামমনস্ক দুই যুবক। প্রথম গানটির মতো সাড়া ফেলেছে টুম্পা সোনার দ্বিতীয় ভাগও। সুর এক রেখে নতুন প্যারোডি করা হয়, “জোটে ভোট বুক চিতিয়ে”।এই গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গানের মধ্যে দিয়ে শাসক দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কেকটাক্ষ করা হয়েছে। বাদ যাননি বিজেপির দিলীপ ঘোষ, মুকুল রায়, সৌমিত্র খাঁ, মিঠুন চক্রবর্তী। পাশাপাশি ব্যবহার হয়েছে ‘বিজেমূল’ শব্দটি। সারদা, নারদা, কয়লাকাণ্ড, কর্মসংস্থান, ‘চালচোর’, সিবিআইয়ের তলবের মতো বিষয়গুলিও উঠে এসেছে বামেদের নতুন এই প্যারোডিতে।আপাতত এই গানে গুলির মধ্যে দিয়েই নতুন করে অক্সিজেন খোঁজার চেষ্টা করছে বামের তরুণ ব্রিগেড। জনভিত্তি হারাতে চলা দল ফের জনসংযোগে ফিরতে চাইছে। তবে প্যারোডিকে হাতিয়ার করে বাম কতটা জায়গা দখল করতে সক্ষম হবে তার উত্তর মিলবে ২রা মে।
