রাজ্যের খবর
আজই শেষ ও তৃতীয় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি
নিউজ ডেস্ক , ১৮ মার্চ : দু’দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করার পর রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। এমনকি বিজেপি রাজ্য সদর দফতরের সামনেও বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।
ভোটের মুখে এই বিক্ষোভ নিয়ে উষ্মা প্রকাশ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে বুধবার রাতে কেন্দ্রীয় নেতৃত্বর তলবে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্য নেতারা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ অনেকেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তৃতীয় প্রার্থী প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন দিক খতিয়ে দেখেন তারা। বৃহস্পতিবার ভোরে দিল্লি থেকে কলকাতা ফেরেন রাজ্য নেতৃত্ব। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, আজই সম্ভবত তৃতীয় এবং পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করতে পারে বিজেপির কেন্দ্রীয় কমিটি। ক্ষোভ-বিক্ষোভ নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে তা মিটে যাবে বলে আশা প্রকাশ করেন দীলিপবাবু। অন্যদিকে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণে ক্রমশঃ হতাশ হয়ে পড়ছেন বিজেপি সমর্থকরা। অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির৷ এমতাবস্থায় নির্বাচন এগিয়ে আসছে। কমে আসছে প্রচারের সময়ও। এই পরিস্থিতিতে দ্রুত প্রার্থী তালিকা প্রকাশ না করলে তাতে শাসক শিবির বাড়তি সুবিধা পেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ তাই আজ বৃহস্পতিবার বিজেপির পূর্ণাঙ্গ এবং শেষ তালিকা ঘোষণা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
