সূত্রের খবর, বিধায়কের কনভয়ের সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার (Pilot Car) আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটির অ্যাক্সেলেটর (Accelerator) হঠাৎ ভেঙে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে। ধাক্কায় বাইকটি কার্যত দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর জখম হন বাইক আরোহী। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, মৃত্যু হয় ওই যুবকের।
ঘটনার পরেই প্রশ্ন উঠেছে—কেন মেয়াদোত্তীর্ণ (Expired) গাড়ি সরকারি কনভয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল? সেইসঙ্গে কনভয়ের গাড়ির চালক এবং বিধায়ক শওকত মোল্লাকে এখনও পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি, তা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও অভিযুক্ত চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে।
এদিকে, লালবাজারের পক্ষ থেকে ইতিমধ্যে জয়েন্ট সিপি (Joint CP-East) কে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গাড়িটি আদৌ মেয়াদোত্তীর্ণ ছিল কিনা, কিংবা যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। ডিসি ট্রাফিক (DC Traffic) জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) বিশ্লেষণ করে দেখা হচ্ছে। তদন্ত চলছে পুরোদমে।
প্রসঙ্গত, কনভয়ের কিছু দূরেই ছিলেন বিধায়ক নিজে। চালকের তৎপরতায় তাঁর গাড়ি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও, একজন নিরীহ নাগরিকের প্রাণহানি ঘিরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।