ভাইরাল খবর
‘আমার পরিবার বিজেপি পরিবার’! তৃণমূল বিধায়ককে ঘিরে বিতর্কে উত্তাল রায়গঞ্জ
ডিজিটাল ডেস্কঃ ফেসবুকে একটি প্রোফাইল ঘিরে ফের চর্চার কেন্দ্রে রায়গঞ্জের (Raiganj) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। সেই প্রোফাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) সহ একাধিক বিজেপি নেতার সঙ্গে তাঁর ছবি পোস্ট করে লেখা, “আমার পরিবার বিজেপি পরিবার”—আর এতেই জল্পনা, তবে কি ফের গেরুয়া শিবিরে ফিরতে চলেছেন বিধায়ক?
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। কিন্তু পরবর্তীতে বিজেপির সঙ্গে মতভেদ হওয়ায় দল ছাড়েন এবং তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেন। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়েও পরাজিত হন। পরবর্তীতে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে আবারও বিধায়ক হন তিনি। এই নাটকীয় রাজনৈতিক যাত্রার মাঝেই ফের ফেসবুক প্রোফাইল ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন বিধায়ক নিজে। কৃষ্ণ কল্যাণী দাবি করেছেন, “এই প্রোফাইলটি ভুয়ো। আমার নামে অপপ্রচার চালাতে গেরুয়া শিবিরের একাংশ এমন করছে। আমি ইতিমধ্যে রায়গঞ্জ পুলিশকে বিষয়টি জানিয়েছি এবং সাইবার ক্রাইম বিভাগে অভিযোগও দায়ের করেছি।” তাঁর অভিযোগ, এই ‘চক্রান্তে’ বিরোধীদের মদত রয়েছে।
এই মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের রাজনীতিতে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, “এই ঘটনা আসলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। কিছুদিন আগে পুরসভার প্রশাসককে নিয়ে যে মন্তব্য করেছিলেন কৃষ্ণবাবু, তা দলের অভ্যন্তরে অনেকের পছন্দ হয়নি। এখন সেই দ্বন্দ্ব থেকে বাঁচতেই ‘ফেক প্রোফাইল’ নাটক সাজানো হচ্ছে।”
এই বিষয়ে, কংগ্রেস এবং সিপিএমও মুখ খুলেছে। কংগ্রেসের এক নেতার দাবি, “ওটা ফেক নয়, বরং ভবিষ্যতের ইঙ্গিত। ২০২৬-এর আগে অনেকেই দল বদলাবে।” সিপিএম এর এক নেতা বলেন, “কে ফেক, কে রিয়েল—তা দলই বলুক। তদন্ত হলেই সব স্পষ্ট হবে।”
