পাকিস্তান
পাকিস্তানের টাকায় তোলপাড় মেখলিগঞ্জ, ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা
ডিজিটাল ডেস্কঃ কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের রাণীরহাট গ্রাম পঞ্চায়েতের মোটা সন্ন্যাসী থানা এলাকায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাস্তার ধারে হঠাৎ করেই পড়ে থাকা কিছু নোট হাতে তুলে অবাক হয়ে যান স্থানীয় যুবক প্রফুল্ল রায় (Prafulla Roy)। কারণ, সেটি কোনও ভারতীয় মুদ্রা নয়—পরিষ্কারভাবে লেখা রয়েছে ‘স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান’।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, যখন প্রফুল্ল বাজার করতে বের হয়েছিলেন। তিনি জানান, রাস্তায় পড়ে থাকা দুটি নোট কৌতূহলবশত হাতে তোলার পর দেখেন একটি ১০০ টাকার ও একটি ১০ টাকার পাকিস্তানি নোট। নোটগুলিতে উর্দু ভাষায় লেখা রয়েছে, যা দেখে তিনি প্রথমে বিস্মিত ও পরে কিছুটা আতঙ্কিত হন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সীমান্তবর্তী এই গ্রামাঞ্চলে কীভাবে পাকিস্তানি মুদ্রা এল, তা ঘিরে উঠছে নানা প্রশ্ন। স্থানীয়দের একাংশের আশঙ্কা, এর পিছনে কোনও গভীর ষড়যন্ত্র বা অপরাধমূলক কাজকর্ম লুকিয়ে থাকতে পারে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং নোটগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এমন ঘটনা হালকাভাবে নিলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা থেকে যায়।
এই রহস্যজনক ঘটনার পর এলাকা জুড়ে বাড়ছে উদ্বেগ। এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন কী ব্যবস্থা নেয়।


