দেশের খবর
৫ থেকে ১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা! প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রের কড়া আইন
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের (Paper Leak) অভিযোগ ঘিরে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে আইন আরও কঠোর করার পথে হাঁটছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের পর এবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’ (Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024)-এ গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet) বৈঠকেই এই প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হতে পারে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে দোষী সাব্যস্ত হলে ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড (Imprisonment) এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা (Fine) হতে পারে। একই সঙ্গে পরীক্ষা পরিচালনাকারী কোনও সংস্থা (Agency) বা পরিষেবা প্রদানকারী (Service Provider) অনিয়মে জড়িত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ৫ থেকে ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান কার্যকর করা হতে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার এক্স (X)-এ প্রকাশিত ভিডিও বার্তায় বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ ঘটনা নয়; এটি লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তিনি জানান, গত আড়াই মাসে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেদিকেই সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
সূত্রের দাবি, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত (Fast Track Court) গঠনের বিধানও সংশোধিত আইনে যুক্ত হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর সংশোধনীটি সংসদে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রের বক্তব্য, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করে তুলতেই এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষা সংক্রান্ত দুর্নীতিতে জড়িত ব্যক্তি কিংবা সংগঠনের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেই সরকারের স্পষ্ট বার্তা।
