নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ! খলিস্তানপন্থী সদস্য ও মার্কিন নাগরিক-সহ ৫ গ্রেফতার
Connect with us

দেশের খবর

নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ! খলিস্তানপন্থী সদস্য ও মার্কিন নাগরিক-সহ ৫ গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-নেপাল সীমান্তে (India-Nepal Border) বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরাইচ জেলার রুপাইডিহা (Rupaidiha) সীমান্ত দিয়ে অবৈধভাবে (Illegal Entry) ভারতে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে পাঁচজনকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী এসএসবি (SSB) এবং উত্তরপ্রদেশ পুলিশ (Police)-এর যৌথ দল। ধৃতদের মধ্যে রয়েছেন খলিস্তানপন্থী সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’ (Waris Punjab De)-র এক ওয়ান্টেড সদস্য এবং এক মার্কিন (US) নাগরিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিক্রমজিৎ সিং এবং মনবীর সিং ধিলোঁ। বিক্রমজিৎ ২০২৩ সালে পঞ্জাবের একটি থানায় হামলার মামলায় অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরেই পঞ্জাব পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। অন্যদিকে, মনবীর সিং ধিলোঁ বর্তমানে মার্কিন নাগরিক হলেও তাঁর আদি বাড়ি পঞ্জাবের মোগা জেলায়। তদন্তকারীদের দাবি, বৈধ ভিসা (Visa) ছাড়াই নেপাল হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।

অভিযানে আরও তিন ভারতীয় নাগরিক—সুরেশ কুমার পাঠক, দিলীপ উপাধ্যায় এবং গাড়িচালক রাহুল কুমারকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তাঁরা সীমান্ত পার করিয়ে দুই অভিযুক্তকে ভারতের অভ্যন্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছিলেন। বাহরাইচের পুলিশ সুপার বিশ্বজিৎ শ্রীবাস্তব জানান, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। জিজ্ঞাসাবাদে (Interrogation) তাঁদের পরিচয় ও ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সঙ্গে যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি তাঁদের সম্ভাব্য সহযোগী, আর্থিক লেনদেন (Financial Network) এবং ভারতে প্রবেশের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনটি ২০২১ সালে দীপ সিধু প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটির একাধিক সদস্যকে ঘিরে অতীতেও বিভিন্ন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিতর্ক সামনে এসেছে। এর আগেও উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ সীমান্তে জর্ডান ব্রাউন নামে এক মার্কিন নাগরিক বৈধ নথি ছাড়া সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়েছিলেন। পরপর এমন ঘটনার পর ভারত-নেপাল সীমান্তে নজরদারি (Surveillance) আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। তদন্তকারী সংস্থাগুলির ধারণা, ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও বড় নেটওয়ার্কের তথ্য সামনে আসতে পারে।

Advertisement
ads ads