মালদা
বাড়ি ফেরার সময় ট্রেনেই মৃত্যু পরিযায়ী শ্রমিকের, মারধোরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা , চাঁচল ,১৬ মার্চ : বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যেই মৃত্যু হল চাঁচল থানার মতিহারপুর গ্রামের বাসিন্দা এক শ্রমিকের । পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম মাবুদ আলি।
হায়দ্রাবাদে নির্মাণকাজে যুক্ত শ্রমিক মাবুদ আলি ট্রেনে কোলকাতা থেকে বাড়ি ফেরার সময় সোমবার অসুস্থ হয়ে ট্রেনেই মৃত্যু হয় তার। পরে রেলপুলিশ ওই শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে চাঁচল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপরেই চাঁচল থানার পক্ষ থেকে মৃত শ্রমিকের পরিবারের কাছে খবর পাঠানো হয়।যদিও এই ঘটনায় ওই শ্রমিককে খুনের অভিযোগ এনেছেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, প্রায় দেড়মাস আগে চাঁচলের ঠিকাদার অর্জুন দাস দাদনের বিনিময়ে তাকে হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োগ করে।কিন্তু কিছুদিন কাজ করার পরে পারিশ্রমিক চাইলে মাবুদকে বেধড়ক মারধর করা হয়। এরপরে প্রাণভয়ে ট্রেনে বাড়ি ফিরে আসবার সময় সেখানেই গুরুতর অসুস্থ ওই শ্রমিকের মৃত্যু হয় বলে অভিযোগ। মৃত শ্রমিকের স্ত্রী জোবেদা বিবি জানিয়েছেন, প্রায় দেড় মাস আগে তার স্বামীকে দাদন নিয়ে হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিকের কাজে নিয়ে যায় পাশের গ্রামের ঠিকাদার অর্জুন দাস। এলাকার তিনজন একসঙ্গে কাজে গিয়েছিল। সেখানে অতিরিক্ত কাজ করতে হত। এমনকী কাজ করতে গিয়ে পারিশ্রমিক চাইলে তাদের মারধোরও করা হত। মারধোরের ফলে অসুস্থও হয়ে পড়েছিল সে। এরপরেই প্রাণভয়ে সে হায়দ্রাবাদ থেকে পালিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু অসুস্থ শরীর জার্নির ধকল নিতে না পারায় মৃত্যু হয় তার। প্রশাসনের কাছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তিনি।এই ঘটনায় অর্জুন দাসের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত শ্রমিকের স্ত্রী জোবেদা বিবি। ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।পাশাপাশি দ্রুত মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়ায় জন্য উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
