দেশ
করোনা টিকাকরণের জন্য ৮৩ কোটি সিরিঞ্জের বরাত দিল কেন্দ্র
নিউজ ডেস্ক, ০২ জানুয়ারী : করোনা সংক্রমণ রুখতে বিশ্বজুড়ে চলছে প্রতিষেধক বা টিকা তৈরির জোরদার প্রস্তুতি৷ ভারতেও চারটি দেশীয় টিকা তৈরির পথে। ফলে আগামী কয়েকমাসের মধ্যে চলে আসতে পারে করোনা টিকা৷
তাই গণটিকাকরণ নিয়ে আগে থেকেই যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে কেন্দ্র। ইতিমধ্যেই কিভাবে বা কারা প্রথমে টিকা পাবে তার প্রাথমিক পর্যায়ে নীলনকশা তৈরি করে রেখেছে স্বাস্থ্য মন্ত্রক। এবারে করোনা টিকা এবং অন্যান্য টিকাকরন কর্মসূচির জন্য ৮৩ কোটি সিরিঞ্জের অর্ডার দিল কেন্দ্র। জানা গেছে আরও ৩৫ কোটি সিরিঞ্জ সংগ্রহের জন্য দরপত্র চাওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকার প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য কর্মী, সামনের সারিতে থেকে করোনা যুদ্ধে শামিল ব্যক্তি ও সাফাই কর্মি মিলিয়ে মোট ৩০কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দেবে।ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ গোষ্ঠী, ১কোটি স্বাস্থ্য কর্মী,২কোটি সামনের সারিতে কাজ করা মানুষ এবং নির্দিষ্ট বয়সের ২৭ কোটি মানুষকে টিকাকরনের জন্য চিহ্নিত করেছিল।নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণের জন্য সারা দেশে, ৮৫ হাজার ৬৩৪টি সরঞ্জাম ও ২৮ হাজার৯৪৭টি কোল্ড চেন পয়েন্ট প্রস্তুত রাখা হয়েছে।
