দেশ
ভারতের কাছে অনুমোদনের আবেদন তুলে নিল করোনা টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজার
নিউজ ডেস্ক , ০৫ ফেব্রুয়ারি : জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য ভারতে করা আবেদনপত্র তুলে নিলে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার।
জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে ফাইজার করোনা টিকা তৈরি করেছে। ভারতে টিকার অনুমোদন চেয়ে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)–র কাছে সর্বপ্রথম আবেদন করে এই সংস্থা।
ব্রিটেন এবং বাহরিনে ছাড়পত্র পাওয়ার পরেই ভারতের কাছে আবেদন করেছিল তারা। এই আবেদনপত্র তুলে নেওয়ার পর ফাইজারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “৩ ফেব্রুয়ারি কোভিড-১৯ টিকার জরুরিকালীন ব্যবহারের অনুমোদনের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া এর বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করা হয়েছিল । আলোচনায় আমরা বুঝেছি, নিয়ন্ত্রক কমিটির অতিরিক্ত কিছু তথ্য দরকার। এই মুহূর্তে আমরা আবেদন তুলে নিচ্ছি।”
প্রসঙ্গত, ইতিমধ্যেই , কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে ভারতে আপৎকালে ব্যবহারের ছাড়পত্র মোদী সরকার দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে ফাইজারের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। পরে ফাইজার আরও আলোচনার ভিত্তিতে আরও তথ্য দিয়ে নতুন করে আবেদন জমা দিতে পারে। ভারতের প্রয়োজনে তারা ভবিষ্যতে টিকা দিতে তৈরি। গত জিসেম্বরে ফাইজার ভারতে টিকা সরবরাহ ও বিক্রির জন্য আবেদন দিয়েছিল।
