রাজ্যের খবর
নিমতিতা কান্ডে তদন্তের স্বার্থে তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্যে তলব করল তৃণমূল প্রার্থীকে
নিউজ ডেস্ক , ১৮ মার্চ : রাজনৈতিক আবহে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। এরই মাঝে অপরাধমূলক কার্যকলাপের তদন্তে বাড়ছে গোয়েন্দাদের সক্রিয়তা। এবারে নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তের জন্যে জিজ্ঞাসাবাদের জন্যে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি তলব করল মুর্শিদাবাদের সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসকে।
বৃহস্পতিবার তাঁকে প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন জাতীয় তদন্তকারী সংস্থাটির গোয়েন্দারা।গোয়েন্দা সূত্রের খবর, বিভিন্ন বিষয়ে জাকির হোসেনের সঙ্গে ইমানি বিশ্বাসের বিবাদ বেশ পুরনো। সেই বিবাদের জেরে তিনি জাকিরবাবুকে খুনের চেষ্টা করেছেন কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতায় যাওয়ার জন্যে ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন। সেখানে বিস্ফোরণে গুরুতর জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বম্ব স্কোয়াড, ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান অনুজ শর্মাও।এই ঘটনায় ইতিমধ্যে ২ বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করেই ইমানি বিশ্বাসের নাম পেয়েছে তদন্তকারী আধিকারীকরা৷
