রাজনীতি
বিজেপি-র প্রার্থী তালিকায় বড় চমক! বাগদা থেকে লড়ছেন শান্তনু পত্নী সোমা ঠাকুর
ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে উত্তর ২৪ পরগনার বাগদা। মঙ্গলবার সকালে রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা (Candidate List) প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় সবথেকে বড় চমক বাগদা কেন্দ্র। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
বর্তমানে মতুয়াদের ‘মাতৃসেনা’র (Matrisena) প্রধান সোমা ঠাকুরকে প্রার্থী করে বিজেপি আসলে মতুয়া ভোটব্যাঙ্ক (Vote Bank) সুসংহত করতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল (Political Circles)। তবে সোমার লড়াইটা খুব একটা সহজ হবে না, কারণ তাঁর প্রতিপক্ষ ঘরেরই মানুষ। তৃণমূল কংগ্রেস এই আসনে পুনরায় আস্থা রেখেছে ঠাকুরবাড়ির মেয়ে তথা বিদায়ী বিধায়ক (Outgoing MLA) মধুপর্ণা ঠাকুরের ওপর। মধুপর্ণা হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা। ফলে বাগদার নির্বাচনী ময়দানে লড়াই এবার খোদ ঠাকুরবাড়ির দুই সদস্য ‘ননদ বনাম বৌদি’র।
উল্লেখ্য, গত ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। তবে পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেন। গত লোকসভা নির্বাচনের পর উপ-নির্বাচনে (By-election) তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে প্রায় ৪০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন মধুপর্ণা। তৃণমূলের দাবি, বাগদার মানুষ মধুপর্ণার পাশেই আছেন। প্রার্থী হওয়ার পর মধুপর্ণা স্পষ্ট জানিয়েছেন, “ঘরের সম্পর্ক ঘরের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়।”
তবে সোমা ঠাকুরের নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে কিছুটা অস্বস্তি (Discomfort) দানা বেঁধেছে। স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিপুত্র বা স্থানীয় প্রার্থীর (Local Candidate) দাবি জানিয়ে আসছিলেন। সোমার নাম আসায় সেই ক্ষোভের আঁচ রাজপথেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজেপির এই তালিকায় আরও কিছু গুরুত্বপূর্ণ রদবদল লক্ষ্য করা গিয়েছে। নাটাবাড়িতে বিদায়ী বিধায়ক মিহির গোস্বামীর বদলে গিরিজাশঙ্কর রায়কে টিকিট দেওয়া হয়েছে। চৌরঙ্গীতে কংগ্রেস ত্যাগী সন্তোষ পাঠক এবং সোনারপুর উত্তরে প্রাক্তন আইপিএস (Ex-IPS) দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। এখন দেখার, ঠাকুরবাড়ির এই অন্দরমহলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার মাথায় বাগদার জয়ের মুকুট ওঠে।


