বাজার দর
আমেরিকার শুল্ক নীতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া, পাল্টা জবাব কানাডা-মেক্সিকো!
ডিজিটাল ডেস্কঃ আমেরিকার শুল্ক নীতির বিরুদ্ধে আত্মসমর্পণ করবে না কানাডা ও মেক্সিকো! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চিনের ওপর নতুন শুল্ক বসানোর ঘোষণা করতেই পাল্টা জবাব দিতে উঠে পড়েছে দেশগুলো।৩০ দিনের সময়সীমা শেষ হতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, কানাডা, মেক্সিকো ও চিনের ওপর পূর্বনির্ধারিত শুল্ক কার্যকর করা হবে। মঙ্গলবার থেকেই নতুন শুল্কনীতি চালু হবে। ট্রাম্পের এই ঘোষণার পরই পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে কানাডা, মেক্সিকো ও চিন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে। কানাডা প্রায় ১০৭ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর নতুন শুল্ক বসানোর পরিকল্পনা করেছে। প্রথম ধাপে ৩০ বিলিয়ন ডলারের পণ্যে ২৫% শুল্ক আরোপ করা হবে এবং ২১ দিন পর আরও শুল্ক বাড়ানো হবে।
আরও পড়ুনঃ ইউটিউব আমার রোজগারের একমাত্র উপায়! রণবীরের উপর নিষেধাজ্ঞা তুলে নিল শীর্ষ আদালত!
মেক্সিকোও শুল্কযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। সে দেশের প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম স্পষ্ট বলেছেন, “আমেরিকা যদি আমাদের পণ্যে শুল্ক বসায়, তবে আমরাও প্রতিরোধ গড়তে প্রস্তুত। আমাদের বিকল্প পরিকল্পনাও তৈরি আছে।” তবে কত শতাংশ শুল্ক বসানো হবে, তা এখনো নিশ্চিত করেনি মেক্সিকো সরকার।
বিশ্ববাজারে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়ছে। ট্রাম্প প্রশাসন কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% এবং চিনা পণ্যের ওপর ১০% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
