খেলার খবর
সৌরভ না অন্য কেউ? বোর্ড প্রেসিডেন্ট ঠিক হবে অমিত শাহর বাড়ির বৈঠকে
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ নিয়ে ফের শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, আসন্ন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) প্রেসিডেন্ট পদে কে বসবেন, সেই সিদ্ধান্ত নেবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার তাঁর বাসভবনে একটি গোপন বৈঠক (meeting) হতে চলেছে, যা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলের সবথেকে আলোচিত বিষয়।
জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ। নির্বাচনী মনোনয়নের (nomination) শেষ দিন ২২ সেপ্টেম্বর, ফলে অনুমান করা হচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে।
এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জোরালো নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। একসময় বোর্ড প্রেসিডেন্টের আসনে বসা “মহারাজ” আবার ফিরতে পারেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে শুধু সৌরভ নন, আলোচনায় রয়েছেন আরও কয়েকজন। যেমন হরভজন সিং – যিনি কিছুদিন আগে পর্যন্ত দৌড়ে ভালই ছিলেন, তবে সূত্রের দাবি, এখন একটু পিছিয়ে রয়েছেন। যদিও তিনি একেবারেই যে লড়াইয়ের বাইরে, তা বলা যাচ্ছে না।
তবে নতুন একটি চমকপ্রদ নাম উঠে এসেছে শেষ ল্যাপের দৌড়ে— রঘুরাম ভাট। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (Karnataka Cricket Association) থেকে প্রতিনিধিত্ব করা এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দু’টি টেস্ট খেলেছেন দেশের হয়ে। বোর্ডের অন্দরমহলের খবর অনুযায়ী, তিনিও প্রেসিডেন্ট পদের দৌড়ে প্রবলভাবে জায়গা করে নিয়েছেন।
এই অবস্থায়, শনিবার অমিত শাহর বাসভবনে অনুষ্ঠিতব্য ওই ‘শাহী বৈঠকেই’ নির্ধারিত হতে পারে পরবর্তী বোর্ড প্রেসিডেন্টের নাম। তবে সৌরভ নিজে সেখানে উপস্থিত থাকবেন কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর নেই।
উল্লেখ্য, বছর তিনেক আগে এমন এক বৈঠকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ড সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবারও কি ঘটবে সেই ঘটনার পুনরাবৃত্তি? নাকি কামব্যাক করে ফের বোর্ডের রাজা হবেন মহারাজ?
বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন মানেই উত্তেজনা, নাটক এবং রাজনৈতিক টানাপোড়েন। এখন দেখার, সৌরভ কি পারবেন সব বাধা টপকে ফের নেতৃত্ব দিতে ভারতীয় ক্রিকেটকে?


