ভাইরাল খবর
তিলোত্তমা মামলায় বিস্ফোরক চিঠি! ল্যাবে ভিসেরা নমুনা নষ্টের চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের
ডিজিটাল ডেস্কঃ তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় (Rape and Murder Case) এবার এক চরম বিস্ফোরক ও নজিরবিহীন তথ্য সামনে এল। রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে সংরক্ষিত নির্যাতিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিসেরা নমুনা (Viscera Sample) ইচ্ছাকৃতভাবে নষ্ট বা পরিবর্তন করার গুরুতর অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ফরেনসিক বিভাগেরই এক প্রাক্তন আধিকারিকের পাঠানো একটি চিঠির (Letter) ওপর ভিত্তি করে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে, যা এই মামলার তদন্তপ্রক্রিয়াকে এক নতুন বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তিলোত্তমার বাবার নামে ওই চিঠিটি আসে। চিঠিতে দাবি করা হয়েছে, ময়নাতদন্তের (Autopsy) সময় তিলোত্তমার শরীর থেকে সংগ্রহ করা লিভার, কিডনি ও পাকস্থলীর মতো গুরুত্বপূর্ণ অঙ্গের নমুনা পরে বদলে ফেলা হয়। মৃত্যুর আগে তাঁকে কোনও বিষাক্ত পদার্থ (Toxic Substance) বা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল কি না, তা যাচাই করতেই এই নমুনা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক এই কাজ করেছেন। শুধু তাই নয়, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (CFSL) পাঠানোর সময়ও এই নমুনা পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যার ফলে দিল্লির ল্যাবও আসল সত্য ধরতে পারেনি। আরও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি এই প্রমাণ লোপাটের কাজ সম্পন্ন হয়েছিল।
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, তৃণমূল সরকারের (TMC Government) আমলে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি ও সিপিএম কর্মীদের একাধিক মামলাতেও এই একই তিন ফরেনসিক কর্মী ভিসেরা নমুনা নষ্ট করেছিলেন। এই পরিস্থিতিতে প্রাপ্ত চিঠিটি শিয়ালদহ আদালতে (Sealdah Court) জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিলোত্তমার পরিবার। আদালতের কাছে তাঁদের আবেদন থাকবে, এই মারাত্মক অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে (CBI) একটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হোক। পরিবারের মতে, এই বৈজ্ঞানিক প্রমাণ (Scientific Evidence) জালিয়াতির নিরপেক্ষ তদন্ত না হলে মামলার প্রকৃত বিচারপ্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে।
