মালদা
জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত বেশ কয়েকজন, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৬ মার্চ : জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত হলো বেশ কয়েকজন। শুক্রবার ভোররাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার মানিকচক থানার জালালপুর গ্রামে।
এমনকি এই ঘটনায় দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজিও হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা শেখ আজগরের সঙ্গে কয়েক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিলো শেখ ইসমাইলের। শুক্রবার শেখ ইসমাইলের লোকজন জমি দখল করতে আসলে দু’পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপর দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। দু’পক্ষের তরফেই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বোমাবাজির ঘটনায় এখনো কোনো রকম স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনার পর থেকে এলাকায় চলছে পুলিশি টহলদারি। যদিও এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
