টাকা তুলতে না পেরে রায়গঞ্জের মহিলা কো অপারেটিভ ব্যাংকে বিক্ষোভ গ্রাহকদের
Connect with us

রায়গঞ্জ

টাকা তুলতে না পেরে রায়গঞ্জের মহিলা কো অপারেটিভ ব্যাংকে বিক্ষোভ গ্রাহকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১০ মার্চ : গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বুধবার রায়গঞ্জের মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড(মহিলা ব্যাংক) নামে একটি আর্থিক প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। জানা গেছে মাস দুয়েক ধরে আমানতকারীরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন এই মহিলা ব্যাংক থেকে।

আমানতকারীদের মধ্যে কেউ রেখেছেন ৮ লাখ, কেউ রেখেছেন ১০ লাখ, আবার কেউ রেখেছেন ৪ লাখ টাকা৷ আমানতকারীরা জানিয়েছেন, মাস দু’য়েক ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না তারা। বারবার ব্যাংকের ম্যানেজার ও আধিকারিকদের বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করছেন না কেউ। ফলে কষ্টার্জিত অর্থ আত্মসাৎ হয়ে গেলে তাদের আত্মহত্যা ছাড়া আর কোন পথ খোলা নেই। এদিকে ব্যাংকের এক আধিকারিক পপি সরকার জানিয়েছেন,’এই কো অপারেটিভ বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে আমরা আমানতকারীদের টাকা দিতে পারছি না। গ্রাহকদের সমস্যা হলেও কিছু করণীয় নেই। নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত এই সমস্যা চলবে৷’