Uncategorized
সাত বছর পরে প্রধানমন্ত্রী মোদীর চিন সফর, শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে তিয়ানজিনে
ডিজিটাল ডেস্ক: সাত বছর পর আবারো চীনে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে ৩১ অগস্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। ওই বৈঠক অনুষ্ঠিত হবে চীনের তিয়ানজিনে (Tianjin)।
৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সহ ২০ জনেরও বেশি রাষ্ট্রনেতা অংশগ্রহণ করবেন। এছাড়াও মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
চীনের আগে প্রধানমন্ত্রী মোদী জাপানেও যাবেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার (Shigeru Ishiba) আমন্ত্রণে ২৯-৩০ অগস্ট পর্যন্ত পঞ্চদশ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে মোদী অংশগ্রহণ করবেন। উল্লেখযোগ্য, ২০২৪ সালে রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষবার দেখা হয়েছিল মোদীর।
সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)-র বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি বিমান পরিষেবা চালু করা, পর্যটক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের জন্য ভিসার বিষয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে তা ৫০ শতাংশে উন্নীত করেছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে এই শুল্ক আরোপ করা হয়েছে। বিষয়টি নিয়ে মোদী কড়া সমালোচনা করেছেন। এই প্রেক্ষাপটে শি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠক কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
সফরের মূল লক্ষ্য কেবল SCO বৈঠকে অংশগ্রহণ নয়, ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং চীনসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি করা।


