দেশ
করোনার জেরে অনলাইনে বিধানসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা নিতে পারে কমিশন
নিউজ ডেস্ক , ০৫ ফেব্রুয়ারি : শীঘ্রই জারি হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি। সেদিকে লক্ষ্য রেখে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের তরফে ৷ তবে করোনা আবহের মধ্যে ভোট সম্পন্ন করতে গেলে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশনকে। যেমনটা হয়েছিল বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে।
যদিও বর্তমান পরিস্থিতিতে বাজারে এসে গিয়েছে করোনার দুটো টিকা ৷ তা সত্ত্বেও করোনা আবহে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে একাধিক ব্যবস্থা নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। জানা গিয়েছে ইতিমধ্যেই প্রয়োজনীয় মাস্ক ও স্যানিটাইজার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে নির্বাচনের গুরুত্বপূর্ণ কাজ প্রার্থীদের মনোনয়ন কিভাবে গ্রহণ করা হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে করোনা সংক্রমণ রোধে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে অনলাইন মনোনয়ন জমা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য জেলা শাসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। অনলাইন কিভাবে প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন জমা নেওয়া হবে, তা নিয়ে নির্বাচন কমিশন শুক্রবার এবং সোমবার রাজ্যের সব জেলার জেলা শাসকদের অনলাইন প্রশিক্ষণ দেবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে।
