তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে এবারে জেলা সভানেত্রীর কাছে আর্জি :-
Connect with us

মালদা

তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে এবারে জেলা সভানেত্রীর কাছে আর্জি :-

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রতুয়া, ২ জুন : তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে এবারে জেলা সভানেত্রীর কাছে আর্জি জানালেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্য। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩০ টি আসনের মধ্যে ২৬ টি আসন দখল করে তৃণমূল কংগ্রেস

এবং চারটি আসনে জয়লাভ করে কংগ্রেস। পরবর্তী সময়ে ওই চারজন কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর ফলে বিরোধীশূন্য হয়ে পড়ে রতুয়া ১ পঞ্চায়েত সমিতি। পরবর্তীতে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্য। এর ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশিত ফল না করায় দলত্যাগী অনেকের মত পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্যও তৃণমূলে ফিরে আসতে চেয়ে জেলা সভানেত্রীর কাছে আর্জি জানিয়েছেন। এবিষয়ে রতুয়া-১ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক জানান, ওই দলত্যাগী ১৮ জন পঞ্চায়েত সমিতির সদস্যদের দলে ফেরানো হবে না। কারণ তারা দল বিরোধী কাজ করেছে। এবিষয়ে জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভয় দেখিয়ে তৃণমূল এইসব কাজ করছে। আমরা কাউকে জোর করে ধরে নিয়ে আসিনি। জোর করে ধরে রাখতেও চাইনা। তবে বিজেপিতে থাকলে সম্মানের সাথে তারা কাজ করতে পারবেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নুর বলেন, ১৮ জন সদস্য দলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। দলীয় স্তরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত বিষয়টি রাজ্য নেতৃত্বকেও জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।