হামলা
ভারতের প্রত্যাঘাতে দিশেহারা পাকিস্তান, পরমাণু হুমকি ঘুরে দাঁড়াল শান্তির কথায়
ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর একের পর এক পাকিস্তানি হামলা ব্যর্থ হয়ে যাওয়ায় এবার মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছে ইসলামাবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ (Khawaja Muhammad Asif) একই দিনে একবার যুদ্ধের হুমকি দিচ্ছেন, তো পরক্ষণেই শান্তির বার্তা শোনাচ্ছেন। ভারতের পাল্টা প্রত্যাঘাতে জর্জরিত পাক প্রশাসনের দিশেহারা অবস্থারই প্রতিফলন এই দ্বৈত বার্তা।
শনিবার সকালে পাকিস্তানি সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডেকেছেন। এই অথরিটি পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহারের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই দাবি উড়িয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী আসিফ নিজেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এরকম কোনও বৈঠক ডাকা হয়নি এবং বাস্তবে হয়নি-ও।”
এআরওয়াই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ স্পষ্ট জানিয়ে দেন, “বর্তমান পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা আমাদের নেই। এমনকি ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিতেও তা অনুপস্থিত।” তাঁর মতে, যুদ্ধের উত্তেজনা হয়তো এমন পর্যায়ে পৌঁছানোর আগেই প্রশমিত হয়ে যাবে।
আরও পড়ুনঃ পাকিস্তানের মিথ্যা প্রচার ফাঁস করল ভারত, ড্রোন হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত সেনা
তবে এই ‘শান্তি’ বার্তার আগেই শুক্রবার পাক সংসদে দাঁড়িয়ে আসিফ উসকানিমূলক বক্তব্য দেন। জানান, “পাকিস্তানের মাদ্রাসাগুলি হল দেশের দ্বিতীয় প্রতিরক্ষা স্তম্ভ (Second Line of Defence)।” তিনি দাবি করেন, “যারা মাদ্রাসায় পড়ছে, তারা প্রয়োজনে দেশের হয়ে যুদ্ধ করতে প্রস্তুত। তাদেরই কাজে লাগানো হবে।”
ভারত বহুদিন ধরেই আন্তর্জাতিক মহলে দাবি করে এসেছে, পাকিস্তানি মাদ্রাসাগুলি জঙ্গি তৈরির আঁতুড়ঘর। সেখানেই ধর্মের আড়ালে অস্ত্র ও সন্ত্রাসবাদে প্রশিক্ষণ দেওয়া হয়। এবার খোদ পাক মন্ত্রীর বক্তব্যেই সেই অভিযোগের প্রমাণ মিলছে বলেই কূটনৈতিক মহলের মত।
পাক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “বর্তমানে ভারতের লাগাতার হামলার প্রেক্ষিতে আমাদের কাছে পুরোদস্তুর যুদ্ধ ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। ভারতকে তাদের ভাষায়ই জবাব দিতে হবে।” শুক্রবার এক পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যুদ্ধ এখন আমাদের দরজায় এসে কড়া নাড়ছে— এতে কোনও সন্দেহ নেই।”
বিশ্লেষকদের মতে, ভারতীয় বাহিনীর সফল পাল্টা হামলায় পাকিস্তানের প্রতিরক্ষা পরিকাঠামো বেহাল হয়ে পড়েছে। পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে আন্তর্জাতিক মহলে সহানুভূতি আদায়ের চেষ্টা করলেও, বাস্তবত পাকিস্তান নিজেই এখন বিপর্যস্ত ও বিভ্রান্ত।
