অপারেশন সিঁদুর
অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের চাপ, বাদল অধিবেশনেই মুখ খুলতে পারেন মোদি
ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের লাগাতার চাপের মুখে এবার সরাসরি প্রতিক্রিয়া দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংসদীয় সূত্রের খবর, চলতি বাদল অধিবেশনেই এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সূত্রের দাবি, লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই তিনি বক্তব্য রাখতে পারেন।
সরকার ইতিমধ্যেই আগামী সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য লোকসভায় ১৬ ঘণ্টা এবং রাজ্যসভায় ৯ ঘণ্টা সময় বরাদ্দ করেছে। মোট ২৫ ঘণ্টার এই বিতর্কের শেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য রাখবেন বলেই ইঙ্গিত মিলেছে।
তবে বিরোধী শিবির তাতে সন্তুষ্ট নয়। কংগ্রেস-সহ একাধিক দল চাইছে, প্রধানমন্ত্রী অবিলম্বে সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিন এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির (ceasefire) বিষয়ে মুখ খুলুন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এর আগেই অভিযোগ করেছেন, সরকার এই বিষয়ে স্বচ্ছ নয়।
আরও পড়ুনঃ ভিনরাজ্যে বাংলা বললেই জেলে! কেন্দ্রের বিরুদ্ধে সংসদে সরব তৃণমূল, নোটিস খারিজে ক্ষোভ
সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে রাহুল বলেন, “সরকার একদিকে বলছে অপারেশন সিঁদুর চলছে, আবার বলছে আমরা জিতে গিয়েছি। অথচ মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) বলেছেন তিনি ২৫ বার সংঘর্ষবিরতি থামিয়েছেন! তাহলে সত্যিটা কী? মানুষ জানতে চায়।”
রাহুলের প্রশ্ন, “প্রধানমন্ত্রী এ নিয়ে বিবৃতি দিতে পারছেন না, কারণ দিলে আসল সত্যি বেরিয়ে পড়বে। তিনি কি স্বীকার করবেন ট্রাম্পই সংঘর্ষবিরতি করিয়েছেন? সেটাও তো সম্ভব নয়।” তাঁর অভিযোগ, “অপারেশন সিঁদুর চলাকালীন ভারত আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে সম্পূর্ণভাবে ব্যর্থ। কোনও দেশকে পাশে পাওয়া যায়নি।”
এদিকে সরকার পক্ষ বলছে, বিরোধীরা ইস্যুটিকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার বানাচ্ছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী যে সরাসরি এই বিষয়ে মুখ খুলতে চলেছেন, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।