ভাইরাল খবর
‘মুখ্যমন্ত্রীর আগে আমি জানলাম না কেন?’ NRC নোটিশ নিয়ে বিস্ফোরক ফালাকাটার গৃহবধূ
ডিজিটাল ডেস্কঃ NRC বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন ফালাকাটার জটেশ্বর এলাকার গৃহবধূ অঞ্জলি শীল (Anjali Seal)। তাঁর নামে অসম সরকারের পাঠানো নাগরিকত্ব সংক্রান্ত চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে পৌঁছলেও, এখনও পর্যন্ত সেই চিঠি তিনি নিজে হাতে পাননি বলে দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই অঞ্জলির এই মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
অঞ্জলিদেবীর বক্তব্য, “যদি আমার নামে সত্যিই কোনও নোটিশ আসে, তবে সেটা হয় পুলিশের কাছে থাকবে, নয়তো আমার হাতে পৌঁছনোর কথা। কিন্তু আমি কিছুই পাইনি। অথচ সংবাদমাধ্যমের হাতে কীভাবে সেই নথি পৌঁছল, সেটাই আমার প্রশ্ন।”
অঞ্জলির স্বামী নিত্য শীল বলেন, “আমার আদি বাড়ি অসমে, এখনও সেখানে আত্মীয়স্বজন থাকেন। তাঁদের সবার NRC হয়ে গিয়েছে। আমরা নিয়ম মেনেই সমস্ত নথি দাখিল করব যদি প্রয়োজন হয়।” তিনি আরও জানান, এতদিনেও কোনও সরকারি কর্মী তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।
আরও পড়ুনঃ জাতীয় সড়কের ধারে ঢালাই কারখানায় অগ্নিকাণ্ড, তদন্তে দমকল ও পুলিশ
সংবাদমাধ্যমে যেটি ‘চিঠি’ বলে প্রকাশিত হয়েছে, সেটি অসমের কোকরাঝাড় জেলার ফরেনার্স ট্রাইবুনাল (Foreigners Tribunal)-এর তরফে গত ৩ জুলাই জারি হওয়া একটি নোটিশ। কিন্তু সেই নোটিশ কেবল সংবাদমাধ্যম বা মুখ্যমন্ত্রীর হাতে গেল, অথচ প্রাপকের কাছে এখনও পৌঁছায়নি—এই নিয়েই উঠেছে প্রশ্ন।
এদিকে, বিজেপি বিধায়ক দীপক বর্মণ (Deepak Barman) অভিযোগ করেছেন, “তৃণমূল নাগরিকত্ব নিয়ে রাজনীতি করছে। ফালাকাটার গৃহবধূর হাতে নোটিশ না পৌঁছে তা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা অত্যন্ত সন্দেহজনক। এটি আসল নোটিশ কি না, সেই নিয়েও প্রশ্ন উঠছে।”
পুরো ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর তরফে যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি।
