রাজ্যের খবর
দমদম নিউজ:ফের নিশানায় বয়স্ক দম্পতি! জানলা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের তাণ্ডব
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। দমদম পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুল বাড়ি এলাকায় ৭০ ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাকে হাত পা চেপে ভয় দেখিয়ে সর্বস্ব লুঠ করলো দুষ্কৃতীরা। ওই বাড়ির তিন তলায় থাকেন শংকর মজুমদার ও পুতুল মজুমদার নামে বৃদ্ধ দম্পতি। তাঁদের ছেলে দেবাশিস মজুমদার কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন।
অভিযোগ, রবিবার রাত ২ টো নাগাদ ৭ জনের দুষ্কৃতী দল বৃদ্ধ দম্পতির বাড়িতে আসে। তাদের মাথায় ছিল হেলমেট ও কাঁধে ব্যাগ। বৃদ্ধ দম্পতির একতলার ঘরে ভাড়া দেওয়া ছিল। সেখানে অবশ্য কেউ ছিল না। সেই সুযোগে জানলার গ্রিল ভেঙে তালা খোলে দুষ্কৃতীরা। তারপর উপরে উঠে যায় তারা।
আরও পড়ুন – এবারেও উন্মুক্ত বসন্তোৎসব বন্ধ বিশ্বভারতীতে! বদলে ফেলা হল তারিখ
বৃদ্ধা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। দীর্ঘদিন ধরে বিছানা শয্যাশায়ী। তাই বৃদ্ধা সেভাবে চিৎকার চেঁচামেচি কিছুই কর উঠতে পারেননি। শংকর মজুমদার এবং তার স্ত্রী পুতুল মজুমদার দুজনকে মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে আলমারি ভেঙে সোনার জিনিস লুট করে নেয়। দুষ্কৃতীরা যারা বাড়িতে এসেছিল, তাদের সকলের মাথায় হেলমেট ছিল। তাই কাউকে চিনতেও পারেননি বৃদ্ধ দম্পতি।
বৃদ্ধার হাতের আংটি থেকে শুরু করে সমস্ত কিছু লুট করে পালায় দুষ্কৃতীরা।
এমনকি ছুরি দেখিয়ে হাত দিয়ে মুখ চেপে প্রাণনাশের হুমকি দিয়ে বৃদ্ধ দম্পতির সর্বস্ব লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টায় তদন্তকারীরা। প্রত্যেকেই মুখ ঢাকা দিয়ে প্রবেশ করেছিল বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
আরও পড়ুন – জমির মালিককে না জানিয়েই জোর করে জমি থেকে বালি চুরি বালি মাফিয়াদের
