রাজ্যের খবর
বিধানসভায় মর্যাদা ভঙ্গ,শুভেন্দুসহ ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড
নজিরবিহীন হইহট্টগোল বিধানসভায়। প্রতিবাদ দেখাতে গিয়ে অধ্যক্ষের দিকে কাগজ ছোড়ার ‘শাস্তি’। চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির ৪ বিধায়ককে। আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ড অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষও।
সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ সরব হন বিজেপি বিধায়করা। তাতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়।অধিবেশনের প্রথমার্ধ্বে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের পক্ষ থেকে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনা হয়।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন।এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধ্যক্ষের দিকে কাগজ ছুড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন – রাশিয়ান বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নেটিজেনদের
প্রতিবাদ জানিয়ে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।এরপরে বিরোধী দলনেতা-সহ মোট চার বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাব আনেন। বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় শাস্তির সিদ্ধান্ত। গৃহীত ওই প্রস্তাব অনুযায়ী,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী ৩০ দিন অর্থাৎ চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
গনতন্ত্রের পন্থা মেনে বিধানসভায় বিরোধীরা বক্তব্য রাখতে চাইলেও সরকার পক্ষ বারবার সেই গনতন্ত্রে আঘাত হানছেন।যা কখনওই কাম্য নয় বলে বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
