বিশ্বের খবর
ট্রাম্প-পুতিন ফোনালাপের পর শান্তির বার্তা, রাশিয়ার হামলা স্থগিত
ডিজিটাল ডেস্কঃ রাশিয়া আপাতত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালাবে না—এই মর্মে ৩০ দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে।
সম্প্রতি সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেন। তবে রাশিয়ার অবস্থান নিয়ে সংশয় ছিল। ট্রাম্প-পুতিন আলোচনার পর স্পষ্ট হয়েছে, অন্তত আগামী এক মাস ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা চালাবে না রাশিয়া। তবে মস্কোর পক্ষ থেকে শর্ত রাখা হয়েছে যে, ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তা বন্ধ করতে হবে। পুতিন সাফ জানিয়েছেন, “রাশিয়ার সীমান্ত অঞ্চলে যে কোনো হামলা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
আরও পড়ুনঃ আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী! পার্থর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ তাঁরই জামাই
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধে দুই দেশই ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন তাদের মানবিক ও কূটনৈতিক সমাধানের দিকে এগোনো উচিত। এছাড়াও, কৃষ্ণ সাগর অঞ্চলে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন ও কিয়েভ।
একইসঙ্গে, আসন্ন ১৯ মার্চ রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময়ের পরিকল্পনার কথাও উঠে এসেছে এই আলোচনায়। রাশিয়ায় চিকিৎসাধীন গুরুতর আহত ২৩ জন ইউক্রেনীয় সেনাকে স্বদেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, উভয় পক্ষের ১৭৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে। আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল উত্তেজনাও গুরুত্ব পেয়েছে।
