রাজ্যের খবর
রাজ্যের তৃণমূল সরকারের তৃতীয় মন্ত্রীসভায় সুযোগ পেলেন না বিদায়ী মন্ত্রীদের অনেকেই
নিউজ ডেস্ক, ১০ মে : মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয় মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন নির্মল মাজি, তাপস রায়, মন্টুরাম পাখিরা, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, গিয়াসউদ্দিন মোল্লারা সহ বেশ কয়েকজন।
সূত্রের খবর নতুনদের মন্ত্রীসভায় জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন তাঁরা। বরাহনগর থেকে এবারও জয়ী হয়েছেন তাপস রায়। আগেরবার তিনি প্রতিমন্ত্রী ছিলেন। সেইসঙ্গে ছিলেন বিধানসভার উপ মুখ্যসচেতক। মন্ত্রী হিসাবে ভাবমূর্তি স্বচ্ছ। তাঁকে কেন এবারের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হল, তা নিয়ে অনেকেই হতবাক। উল্টোদিকে নির্মল মাজির (Nirmal Maji) বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে বলে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়েরও নাম নেই এবারের মন্ত্রিদেরতালিকায়। তাঁকে বিধানসভার ডেপুটি স্পিকার করা হতে পারে বলে শোনা যাচ্ছে।এদিকে হুগলি জেলা থেকে বাদ পড়লেন তপন দাশগুপ্ত আর অসীমা পাত্র প্রাক্তন দুই মন্ত্রীই। এনিয়ে অসীমা বা তপনের কোনও ক্ষোভ নেই। অপরদিকে সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরার পরিবর্তে এবার সাগরের বিধায়ক বঙ্কিম হাজরাকে মন্ত্রিত্বে এনে সুন্দরবন উন্নয়নে সুযোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরুপভাবে গিয়াসউদ্দিন মোল্লাও এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন।
