ভাইরাল খবর
ধৃতদের প্রকাশ্যে ঘোরানো নিয়ে জনস্বার্থ মামলা! রাজ্যের কাছ রিপোর্ট তলব হাইকোর্টের
ডিজিটাল ডেস্কঃ গ্রেপ্তারের (Arrest) পর অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানোর ঘটনা নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে (Division Bench) একাধিক জনস্বার্থ মামলার (PIL) শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় গ্রেপ্তার হওয়া কয়েকজন অভিযুক্তকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনাগুলিকে কেন্দ্র করেই আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
শুনানিতে আদালত স্পষ্ট জানায়, পুলিশ আইন মেনে অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নিতে পারে। তবে গ্রেপ্তারের নামে ইচ্ছাকৃতভাবে কারও সম্মানহানি (Humiliation) করা গ্রহণযোগ্য নয়। রাজ্য সরকারের তরফে জানানো হয়, ধৃতদের বিরুদ্ধে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং অপরাধের পুনর্নির্মাণ (Crime Reconstruction)-এর স্বার্থে তাঁদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল।
তবে আদালত প্রশ্ন তোলে, অভিযুক্তদের কোমরে দড়ি পরানোর প্রয়োজনীয়তা কোথায়? তাঁদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সেই প্রক্রিয়ায় মানবিক মর্যাদা (Dignity) যেন ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তিন সপ্তাহের মধ্যে বিস্তারিত লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুলিশ আধিকারিকদের এ বিষয়ে সতর্ক করার কথাও বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পরে।
