ডিজিটাল ডেস্কঃ একদিকে তৃণমূল নেত্রী, অন্যদিকে উপত্যকার ওমর আবদুল্লা—আসছে বৃহস্পতিবার (১০ জুলাই) নবান্ন (Nabanna) সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। বিকেল ৪টে থেকে ৪টা ৪৫-এর মধ্যে মুখোমুখি হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও জম্মু ও কাশ্মীরের জাতীয় কনফারেন্স নেতা তথা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।
সূত্রের খবর, এ শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়—বরং রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি পহেলগাম (Pahalgam) এলাকায় জঙ্গি হামলার ঘটনার পর কাশ্মীর উপত্যকা কার্যত বিধ্বস্ত। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতির বার্তা এবং ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গ্রামে তৃণমূল প্রতিনিধি দল পাঠানোর পদক্ষেপ ওমর আবদুল্লার মনে গভীর রেখাপাত করে। তাঁর প্রকাশ্য ধন্যবাদ জ্ঞাপনের জবাব হিসেবেই এই সাক্ষাৎ বলে মনে করছে প্রশাসনিক মহল।
এই বৈঠকে বাংলা ও কাশ্মীরের মধ্যে পারস্পরিক প্রশাসনিক, পর্যটন, শিক্ষা ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এমনকি, সাংস্কৃতিক মৈত্রীর একটি দীর্ঘমেয়াদি রূপরেখা নিয়েও প্রাথমিক আলোচনা হতে চলেছে বলে ইঙ্গিত মিলছে নবান্ন সূত্রে।
Advertisement
এখনও পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী, বৈঠক হবে নবান্নেই। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে, মমতা-ওমরের এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই চরমে। অনেকেই বলছেন, কাশ্মীর এবং বাংলার মধ্যে এক নতুন রাজনৈতিক সেতুবন্ধের সূচনা হতে চলেছে বৃহস্পতিবারের বৈঠকে।