ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন মহাদেব’-এর পর ফের বড় সাফল্য ‘অপারেশন শিবশক্তি’-তে। বুধবার ভোরবেলা জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পুঞ্চ জেলার দিগওয়ার সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে একদল জঙ্গি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে ভারতে ঢোকার চেষ্টার সময় ভারতীয় সেনা (Indian Army) ও জম্মু-কাশ্মীর পুলিশের (J&K Police) সঙ্গে গুলির লড়াইয়ে মারা পড়ে দুই জঙ্গি। সেনার দাবি, এই অভিযান ছিল পহেলগাম হামলার (Pahalgam Attack) পর গঠিত চলমান ‘অপারেশন শিবশক্তি’রই অংশ।
সেনার ‘White Knight Corps’ তাদের X (সাবেক Twitter) হ্যান্ডলে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “দিগওয়ার সেক্টরে ভারত-পাক সীমান্তে সন্দেহজনক গতিবিধির প্রেক্ষিতে সেনা গুলি চালায়। তৎক্ষণাৎ দুই জঙ্গিকে নিকেশ করা হয়। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।”
সেনা সূত্রে জানা গেছে, গুলির লড়াইয়ের জায়গা থেকে উদ্ধার হয়েছে তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। এখনও আশপাশের এলাকায় বাকি জঙ্গিদের খোঁজে চলছে ‘combing operation’। এই ঘটনায় কোনও ভারতীয় সেনা সদস্যের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুনঃ মমতা বীরভূম ছাড়তেই বিস্ফোরণ তৃণমূলের অন্দরে! অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর খোলা সংঘর্ষ
উল্লেখ্য, কয়েকদিন আগেই শ্রীনগরের দাচিগ্রামে (Dachigam) ‘অপারেশন মহাদেব’ চালিয়ে ভারতীয় সেনা খতম করেছিল তিন জঙ্গিকে। যাঁরা পহেলগাম হামলার সঙ্গে যুক্ত ছিল বলে গোয়েন্দা রিপোর্টে জানানো হয়। ওই জঙ্গিরা লস্কর-ই-তৈবা (LeT) জঙ্গি সংগঠনের সদস্য এবং পাকিস্তানি নাগরিক বলে সেনা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
পুনঃপ্রবেশ রুখে দিয়ে লাগাতার সফলতা ভারতের নিরাপত্তা বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সেনা ও পুলিশ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এই ‘strategic success’-এর জন্য।