রাজ্যের খবর
আলিপুর চিড়িয়াখানায় সিংহের আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি
নিউজ ডেস্ক , ১৯ মার্চ : কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সিংহের আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় চিড়িয়াখানা চত্বরে। জানা গেছে আহত ব্যক্তির নাম গৌতম গুছাইত।
তিনি পটাশপুরের বাসিন্দা। এদিন দুপুরে সাধুবেশে কাউন্টার থেকে টিকিট কেটে চিড়িয়াখানায় ঢোকেন তিনি। এরপর এনক্লোজার টপকে সরাসরি সিংহের খাঁচায় চলে যান ওই ব্যক্তি। সেই সময় সিংহের আক্রমণে গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি করে চিড়িয়াখানার নিরাপত্তা কর্মীরা তাকে বের করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর ওই ব্যক্তির একটি পা সিংহের থাবায় ভেঙে গিয়েছে। এছাড়াও মাথা ও শরীরের একাধিক জায়গায় আচঁড়ের চিহ্ন রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। না হলে কি করে তিনি সিংহের খাঁচায় চলে যেতে পারেন? তবে কিছুদিন আগে এই চিড়িয়াখানা থেকে বিদেশি পাখি চুরির ঘটনা ঘটেছিল। তার পরেও নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কী করে ওই ব্যক্তি একদম সিংহের সামনে চলে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তারক্ষীদের দায়িত্ব প্রশ্নের মুখে পড়েছে। গোটা ঘটনায় তদন্ত নেমেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
