খুন
‘আমি তো মরিনি!’—খুন হওয়া ব্যাক্তি হঠাৎ জীবিত! হাসিনার বিরুদ্ধে দায়ের মামলায় চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে খুনের এক মামলার তদন্তে গিয়ে চরম অপ্রস্তুত অবস্থায় পড়ল পুলিশ। যাকে মৃত বলে অভিযোগ দায়ের হয়েছিল, তিনিই এসে বললেন, “আমি তো সোলায়মান সেলিম (Solaiman Selim)। আমি একেবারে ভালো আছি। কে বলেছে আমি খুন হয়েছি?” স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে যায় তদন্তকারীরা।
ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকায়। ঢাকার যাত্রাবাড়ি থানার পুলিশ স্থানীয় থানার সহায়তায় তদন্ত করতে পৌঁছেছিল সেখানে। সেলিমকে দেখে পুলিশ তাঁর বড় ভাইয়ের খোঁজ করে, কারণ মামলার নথি অনুযায়ী তিনিই ছিলেন অভিযোগকারী। এমনকি মামলার সাক্ষী হিসেবে নাম ছিল সেলিমের আরও দুই ভাইয়ের। তিনজনেই বর্তমানে পলাতক।
অভিযোগে বলা হয়েছিল, ঢাকায় একটি ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের (Awami League) লোকেরা সোলায়মান সেলিমকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে খুন করেছে। মামলায় প্রধান অভিযুক্ত করা হয় বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-কে। অভিযুক্তদের তালিকায় আরও ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (Obaidul Quader), প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) প্রমুখ।
আরও পড়ুনঃ আইসিকে গালিগালাজ মামলায় হাজিরা এড়ালেন অনুব্রত, পাঠালেন ৫ আইনজীবী
শুধু এই একটি নয়, শেখ হাসিনার বিরুদ্ধে এরকম আড়াইশোরও বেশি খুনের মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। অধিকাংশ মামলাতেই তাঁকেই করা হয়েছে প্রধান অভিযুক্ত। হাসিনা এবং তাঁর দল এই সমস্ত মামলাকে শুরু থেকেই মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করে এসেছে।
এই ঘটনার জেরে ফের বিতর্ক দানা বেঁধেছে বাংলাদেশে। প্রশ্ন উঠছে, কীভাবে জীবিত একজন ব্যক্তিকে খুনের শিকার দেখিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল?
সেলিম নিজে এখন নিজের প্রাণ নিয়েই চিন্তিত। স্থানীয় থানায় দায়ের করা অভিযোগে তিনি দাবি করেছেন, “আমাকে সত্যিই খুন করে ফেলতেই এই পরিকল্পিত মিথ্যা মামলা সাজানো হয়েছে।” অভিযোগে বলা হয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ দীর্ঘদিনের। রাজনৈতিক অস্থিরতার সুযোগে তাঁর ভাইয়েরা মিথ্যা মামলা রচনা করেছে যাতে ভবিষ্যতে তাঁকে সরিয়ে দিয়ে সম্পত্তি দখল করা যায়।
শুধু সেলিমের মামলা নয়, সাম্প্রতিক সময়ে আরও একাধিক মামলায় দেখা গিয়েছে, মামলাকারীরা অভিযোগের বিস্তারিত জানেন না, অনেককে দিয়ে নাকি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলছে, “এই সব মামলার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। লক্ষাধিক মিথ্যা মামলা শেখ হাসিনাকে নিশানা করতেই দায়ের করা হয়েছে।”
এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুলিশের উচ্চ মহল থেকে তদন্তে গাফিলতির প্রশ্ন উঠেছে। এখন দেখার, এত বড় মিথ্যা মামলার দায়ে যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না।
[shortened_url]
