ভোটের খবর
কত দফায় ভোট বঙ্গে? ছাব্বিশের নির্বাচনের ব্লু-প্রিন্ট নিয়ে মুখ খুললেন জ্ঞানেশ কুমার
ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচন (Assembly Election) কি আগেরবারের মতো লম্বা হবে, নাকি কয়েক দিনেই মিটবে ভোট উৎসব? দু’দিনের কলকাতা সফর শেষে এই নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির (Law and Order) ওপর ভিত্তি করেই চূড়ান্ত দফা নির্ধারিত হবে। দিল্লি ফিরে সব রিপোর্ট পর্যালোচনার পর আগামী সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট (Poll Schedule) ঘোষণা হতে পারে।
এবারের নির্বাচনে তাৎপর্যপূর্ণ বদল দেখা গিয়েছে বিরোধী শিবিরে। ২০১৬ সালে ৬ দফা এবং ২০২১ সালে ৮ দফায় ভোট হলেও, এবার বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস ১ থেকে ২ দফায় ভোট করানোর দাবি (Demand) জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং সিপিআইএম নেতা ময়ূখ বিশ্বাসের মতে, বেশি দফায় ভোট হলে শাসকদলের ‘গুন্ডাবাহিনী’ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের সুযোগ পায়। তাই একযোগে ভোট হলে সন্ত্রাস রোখা সহজ হবে।
কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানিয়েছেন, নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকরা যদি ‘দলদাসে’র (Puppet of Govt) ভূমিকা পালন করেন, তবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কোনও আধিকারিক যদি রাজনৈতিক নেতার কথায় ওঠবোস করেন, তবে কমিশন তা বরদাস্ত করবে না। প্রতিটি বুথে স্বচ্ছতা বজায় রাখতে ওয়েবকাস্টিং (Webcasting) এবং ইভিএমে (EVM) প্রার্থীদের রঙিন ছবির ব্যবস্থা করা হয়েছে। নির্ভয়ে ভোটারদের বুথে আসার আহ্বান জানিয়ে কমিশন জানিয়েছে, কারচুপি বা ভয় দেখানোর অভিযোগে জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি নেওয়া হবে।


