ভাইরাল খবর
নাম বাতিল হলেও রাস্তা খোলা! সুপ্রিম নির্দেশে স্বস্তিতে বাংলার লক্ষ লক্ষ ভোটার
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই ক্ষতিগ্রস্ত ভোটারদের জন্য আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বর্তমানে রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ (Under Consideration) অবস্থায় রয়েছে। এর মধ্যে যাঁদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের আইনি প্রতিকারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল (Tribunal) গঠনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, একজন প্রাক্তন প্রধান বিচারপতি (Former Chief Justice) এবং দুজন প্রাক্তন বিচারপতির সমন্বয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হতে পারে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করবেন। যদি সংশ্লিষ্ট প্রাক্তন বিচারপতিরা দায়িত্ব নিতে রাজি হন, তবে নির্বাচন কমিশন (Election Commission) দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি (Notification) জারি করবে। এসআইআর কাজে নিযুক্ত বিচারকরা যাঁদের নাম বাতিল করবেন, সেই সংক্রান্ত যাবতীয় মামলা (Cases) এই ট্রাইব্যুনালে শোনা হবে।
শুনানি চলাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী এবং বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাজের গতি ও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের আশঙ্কা, যে ধীরগতিতে কাজ এগোচ্ছে, তাতে ভোটের আগে প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। এর উত্তরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় সুপারিশ (Recommendation) করবেন। তবে আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, এসআইআর প্রক্রিয়ার সাথে যুক্ত বিচারকদের কাজ নিয়ে কোনও প্রশ্ন তোলা যাবে না। ফলে বাদ পড়া ভোটারদের জন্য এখন ট্রাইব্যুনালই হবে শেষ ভরসা।
