দেশের খবর
২২ ভাষায় শুভেচ্ছা! ভারতের প্রজাতন্ত্র দিবসে ঢাকার দূতের অভিনব উদ্যোগ
ডিজিটাল ডেস্কঃ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে (77th Republic Day) ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার (Bangladesh High Commission) রিয়াজ হামিদুল্লাহ (M. Riaz Hamidullah)। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে তিনি ভারতের ২২টি স্বীকৃত ভাষায় (22 Recognised Indian Languages) শুভেচ্ছা বার্তা পাঠান, যা কূটনৈতিক মহলে বিশেষভাবে নজর কাড়ে।
তবে এই দিনেই ঢাকার শীর্ষ নেতৃত্ব—বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস (Muhammad Yunus) এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন (Md. Touhid Hossain)—ভারতের জাতীয় দিবস উপলক্ষে কোনও শুভেচ্ছা বার্তা পাঠাননি। যদিও রবিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে আয়োজিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে ইউনুস সরকারের উপদেষ্টা মহম্মদ ফউজুল কবীর খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা (Pranay Verma) বলেন, ভারত চায় বাংলাদেশ হোক সমৃদ্ধ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক (Inclusive) দেশ। সেখানে বিএনপি (BNP) ও জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) নেতাদের উপস্থিতিও ছিল তাৎপর্যপূর্ণ। বহুদিন পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানো হয়েছে।
কূটনৈতিক টানাপোড়েন (Diplomatic Tension) ও শেখ হাসিনা (Sheikh Hasina) সংক্রান্ত বিতর্কের আবহে রাষ্ট্রীয় স্তরে নীরবতা থাকলেও, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের এই ভাষাভিত্তিক শুভেচ্ছা জনকূটনীতির (Public Diplomacy) নতুন দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে তাঁর এই উদ্যোগের প্রশংসাও মিলছে।
