দুর্ঘটনা
গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ড: দেশত্যাগী দুই মালিকের পাসপোর্ট বাতিল, শুরু প্রত্যর্পণ প্রক্রিয়া
ডিজিটাল ডেস্কঃ গোয়ার জনপ্রিয় নাইটক্লাবে (Nightclub) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Tragedy) পাঁচ দিন পরে অবশেষে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। আগুনে ২৫ জনের মৃত্যু হওয়ার পর ক্লাবের দুই মালিক—গৌরব ও সৌরভ লুথরা (Luthra Brothers) একঘণ্টার মধ্যেই থাইল্যান্ড (Thailand) পালিয়ে যান। এরপরই ভারত সরকার তাঁদের পাসপোর্ট (Passport Cancellation) বাতিল করেছে।
ইতিমধ্যেই ইন্টারপোল দুই মালিকের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস (Blue Corner Notice) জারি করেছে। বুধবার দিল্লির রোহিণী আদালতে লুথরা ভাইদের আইনজীবীরা দাবি করেন, “রক্ষাকবচ” (Protective Order) পেলে তাঁরা দেশে ফিরবেন। আদালত সেই আবেদন খারিজ করায় বৃহস্পতিবার তাঁদের আগাম জামিন (Anticipatory Bail) শুনানি হবে। তার আগেই গোয়া সরকার বিদেশ মন্ত্রককে পাসপোর্ট বাতিলের জন্য অনুরোধ জানায় এবং রাতারাতি সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে দুই ভাইকে প্রত্যর্পণের (Extradition) পথে ভারত আরও একধাপ এগোল।
তদন্তে উঠে এসেছে, অগ্নিকাণ্ডের পর দমকল আগুন নেভানোর চেষ্টা করছিল যখন, তখনই দুই ভাই ফুকেট (Phuket)-এ পৌঁছে যান। যদিও তাঁদের দাবি, সফর আগে থেকেই পরিকল্পিত ছিল। দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তারির আশঙ্কায় তাঁরা আগাম জামিন ছাড়া ফিরবেন না।
উত্তর গোয়ার আরপোরায় বাগা সমুদ্রসৈকতের (Baga Beach) কাছে অবস্থিত ওই নাইটক্লাবে শনিবার রাতের পার্টির সময় আগুন লাগে। ২৫ জনের মৃত্যু ছাড়াও উঠে এসেছে একাধিক অভিযোগ—বেআইনি নির্মাণ (Illegal Construction), সংকীর্ণ প্রবেশপথ (Narrow Entry Route), অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা (Inadequate Safety Measures) ইত্যাদি। প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারি সত্ত্বেও এতদিন কীভাবে চলল এই ক্লাব? কেন আগেই ব্যবস্থা নেওয়া হয়নি?


