ভাইরাল খবর
বেঙ্গালুরুতে গ্যাস লিক করে আগুন, অগ্নিদগ্ধ বাংলার ৬ পরিযায়ী শ্রমিক
ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুর (Bengaluru) একটি নির্মীয়মাণ ভবনে ভোরবেলা ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রান্নার গ্যাস (cooking gas) লিক করে আগুন লেগে অগ্নিদগ্ধ হলেন বাংলার ৬ জন পরিযায়ী শ্রমিক (migrant workers)। তাঁরা সবাই ছিলেন ঘুমন্ত অবস্থায়। বর্তমানে সকলেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, বেঙ্গালুরুর সারজাপুরা (Sarjapura) এলাকায়। আহতদের নাম মিনারুল শেখ, জিয়াবুর শেখ, তাজিবুর শেখ, নুরজামাল শেখ, সফিজুল শেখ এবং হাসান মল্লিক। এঁদের মধ্যে পাঁচজনের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore)। আরেকজন, হাসান, হরিহরপাড়া থানার (Hariharpara) বাসিন্দা। মাত্র পাঁচদিন আগে তিনি ওই শ্রমিকদলের সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন।
জানা গিয়েছে, সকলে একসঙ্গে একটি ভাড়া ঘরে থাকতেন। ভোররাতে সেই ঘরে হঠাৎ গ্যাস লিক করে আগুন লেগে যায়। ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে যান তাঁরা। স্থানীয়দের চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষজন। তাঁদের চেষ্টাতেই দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে (Victoria Hospital), যেখানে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে (ICU) রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্কে ভেঙে পড়েছেন শ্রমিকদের পরিবার। ইতিমধ্যে অনেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কীভাবে এই গ্যাস লিক ও অগ্নিকাণ্ড (fire accident) ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


