‘সম্পর্ক’ থেকে ‘শব’! ধানজমি থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি দেহ
Connect with us

খুন

‘সম্পর্ক’ থেকে ‘শব’! ধানজমি থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দি দেহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে এক ধানজমির ধার ঘেঁষে মুখবন্ধ একটি বস্তা দেখে কৌতূহলী হয়ে ওঠেন স্থানীয়রা। বস্তাটি খুলতেই বেরিয়ে আসে এক বিভীষিকাময় দৃশ্য—ভিতরে ছিল এক মহিলার পচাগলা দেহ। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। দিশেহারা হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। মৃতার পরিচয় মেলে পরিবারের সদস্যদের মাধ্যমে। তাঁরা দাবি করেছেন, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক সুকদেব সর্দারের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ জুস বিক্রেতার পর এবার কৃষক! প্যান কার্ডে প্রতারণা করে কোটি টাকার ব্যবসা

জানা গিয়েছে, মৃতার সঙ্গে অভিযুক্ত সুকদেবের একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মহিলার স্বামী পেশায় রাজমিস্ত্রি, কর্মসূত্রে প্রায়শই ভিন রাজ্যে যেতেন। সেই ফাঁকে তৈরি হয় সম্পর্ক। বিষয়টি জানাজানি হতেই দাম্পত্য কলহ শুরু হয়। এমনকি কয়েক দিন আগেই সেই নিয়ে বাড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন মহিলা। স্বামী থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন। তিন দিন পর রোববার সকালে ধানজমিতে মেলে তাঁর মৃতদেহ।

Advertisement
ads ads

পরিবারের অভিযোগ, সম্পর্ক ভাঙার জেরে রাগ ও প্রতিহিংসা থেকেই সুকদেব মহিলাকে ধর্ষণ করে খুন করে, এরপর বস্তাবন্দি করে ফেলে আসে ধানজমিতে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘ঘটনার নেপথ্যে ব্যক্তিগত সম্পর্ক ও সংঘাতের দিক খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে আরও পদক্ষেপ করা হবে।’’ এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল গ্রামীণ মহিলাদের সুরক্ষা নিয়ে। সবার সামনে থাকা একজন পরিচিত প্রতিবেশীই যদি ভয়ংকর অপরাধে লিপ্ত হয়, তবে নিরাপত্তা কোথায়?