উত্তর দিনাজপুর
দিদিকে বাঁচাতে গিয়ে প্রাক্তন প্রেমিকের হাতে প্রাণ গেল ভাইয়ের
ডিজিটাল ডেস্কঃ ঘরে লুকিয়ে ছিল দিদির প্রাক্তন প্রেমিক। হাতে ধারালো অস্ত্র ও পেট্রোল৷ বিপদের আঁচ পেয়েই আর্তনাদ করে ওঠে দিদি। তাঁকে বাঁচাতে গিয়েই নৃশংসভাবে খুন হল ভাই। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার মেহেন্দি পাড়া এলাকার মিশন মোড়ে।
পুলিশ জানিয়েছে মৃত যুবককের নাম জিমেন টুডু। বয়স ২৩ বছর। অভিযোগ, সোমবার রাতে আদিবাসী মহিলা স্বর্ণলতা সরেনের ঘরের খাটের নিচে হাতে পেট্রোল ও ছুড়ি নিয়ে লুকিয়ে ছিল তার পূর্ব পরিচিত হেমন্ত মুর্মু। তার বাড়ি মালদা জেলার বুলবুল চন্ডী এলাকার কানপুরকা গ্রামের বাসিন্দা হেমন্ত মুর্মু, স্বর্ণলতা সরেনের প্রাক্তন প্রেমিক বলে জানা গিয়েছে। রাতে খাওয়ার পর স্বর্ণলতা যখন তার ঘরে শুতে গিয়ে দেখতে পায়, তার খাটের নিচে কেউ একজন শুয়ে রয়েছে। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে তার ভাই জিমেন টুডুকে ঘটনার কথা জানায়।
আরও পড়ুনঃ বুধবার গোটা দেশে যুদ্ধকালীন মহড়া: ব্ল্যাকআউটের নিয়মাবলী কী? জানুন বিস্তারিত
এরপরেই জিমেন টুডু তার ঘরে ঢুকে হেমন্ত মুর্মুকে খাটের তলা থেকে বের করতেই সে ধারালো অস্ত্র নিয়ে স্বর্ণলতা সরেনের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ৷ চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করে। স্বর্ণলতা কে বাঁচাতে গেলে জিমেন এর গলার চাকু চালিয়ে দেয় হেমন্ত মুর্মু। এমনটাই অভিযোগ মৃতের দিদির৷ শ্বাসনালী কেটে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জিমেন টুডুর। এদিকে ঘটনার পর পলাতক অভিযুক্ত হেমন্ত মুর্মু। এলাকার পরিবেশ থমথমে। তার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে মৃতের পরিবার৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিরামপুর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার এই আকস্মিকতায় হতভম্ব এলাকাবাসীরাও৷
