উত্তরবঙ্গ
‘স্মার্ট বর্ডার’ ও অভ্যন্তরীণ সুরক্ষায় জোর! উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ
ডিজিটাল ডেস্কঃ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ (Chicken’s Neck) বা শিলিগুড়ি করিডর (Siliguri Corridor)-কে ঘিরে শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের পশ্চিমবঙ্গ সফর। শুক্রবার রাতে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতে শিলিগুড়ির বিএসএফ (BSF) ক্যাম্পে থাকার পর শনিবার সকালে তিনি ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তের ফুলবাড়ির জুমাগছ এলাকায় বিএসএফের ১৮ ব্যাটালিয়নের প্রহরী সম্মেলনে যোগ দেবেন।
সীমান্ত পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপণ, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচিতেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জওয়ানদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, নজরদারি (Surveillance) এবং শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্ব নিয়ে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।
দুপুরে উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা (Uttarkanya)-য় পৌঁছে তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। আলোচ্য বিষয়গুলির মধ্যে থাকবে চিকেনস নেকের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ (Illegal Infiltration), চোরাচালান (Smuggling) রোধ, কেন্দ্র-রাজ্য সমন্বয়, নতুন ফৌজদারি আইন (Criminal Laws) বাস্তবায়ন, জন্ম-মৃত্যু নিবন্ধন (Birth & Death Registration) এবং পুলিশ আধুনিকীকরণ (Police Modernisation)।
শাহের সফরকে কেন্দ্র করে বাগডোগরা থেকে উত্তরকন্যা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে উত্তরকন্যার নীল-সাদা রঙের পরিবর্তে হলুদ-সাদা রঙ করা হয়েছে, যা প্রশাসনিক মহলে বিশেষভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
শনিবার রাতেই কলকাতায় ফিরবেন অমিত শাহ। রবিবার রাজ্যের আইনশৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা এবং পুলিশ বাহিনীর আধুনিকীকরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। পাশাপাশি একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ারও সূচি রয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ (Smart Border) প্রকল্প, কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা পরিকাঠামো (Infrastructure) শক্তিশালী করার অগ্রগতি এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
