ভাইরাল খবর
ফেলে যাওয়া ৩৫ ভোটার কার্ডে ভোট জালিয়াতির আশঙ্কা? চাপে প্রশাসন
ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে ‘SIR’ রিপোর্ট ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখনই নতুন করে আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের মাদারিহাটে। রবিবার সকালে একটি সেতুর নিচে উদ্ধার হল ৩৫টি ভোটার কার্ড, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কার্ডগুলি কি ভুয়ো (Fake)? কেন বা কে এইসব কার্ড ফেলে গেল? উঠছে একাধিক প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনগর এলাকার এক ব্যক্তি প্রথম কার্ডগুলি পড়ে থাকতে দেখেন। তাঁরই মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবং পুলিশকে জানানো হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সব কার্ড উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশি সূত্রের খবর, ৩৫টি ভোটার কার্ডের মধ্যে ৩১টি মাদারিহাট এলাকার, ২টি বীরপাড়া, ১টি ধূপগুড়ি এবং ১টি নাগরাকাটার। এমনকি কয়েকটি কার্ডে ফালাকাটা ব্লকের ঠিকানাও রয়েছে বলে স্থানীয়দের দাবি।
আরও পড়ুনঃ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: কম খরচে দ্রুত কাজের লক্ষ্যে মমতার প্রশাসন মাঠে নামছে ২ আগস্ট
এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতর। বিজেপি নেতা মিঠুন ওরাও (BJP) দাবি করেছেন, “এই সব কার্ড ভুয়ো। নির্বাচনে ব্যবহৃত হওয়ার পর বিপদ বুঝে ফেলে দেওয়া হয়েছে।” অন্যদিকে তৃণমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ দীপ নারায়ণ সিনহা (TMC) জানিয়েছেন, “কার্ড ভুয়ো কিনা সেটা বলা সম্ভব নয়। প্রশাসন তদন্ত করছে। তবে ঘটনাটা অবশ্যই সন্দেহজনক।”
আপাতত পুলিশ ও প্রশাসনের তরফে তদন্ত (Investigation) শুরু হয়েছে। ভোটের আগে এই ধরনের ঘটনায় ভোটার তালিকা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এখন দেখার, তদন্তের পর এই রহস্যের কতটা উদঘাটন হয়।
