স্বাস্থ্য
সুপ্রিম কোর্টের নির্দেশও থামাতে পারল না কুকুরের বর্বরতা, মুখে ১৭টি সেলাই পড়ল ছাত্রীকে
ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) পথকুকুর (Stray Dogs) ধরপাকড় ও নির্বীজকরণ নির্দেশের মধ্যে ফের ভয়ঙ্কর ঘটনা ঘটল কানপুরে (Kanpur)। শ্যামনগর (Shyam Nagar) এলাকায় ২০ অগস্ট কলেজফেরত ২১ বছর বয়সী ছাত্রী বৈষ্ণবী সাহু (Vaishnavi Sahu) রাস্তার তিনটি কুকুরের কামড়ে (Dog Bite) গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় কুকুর ও বাঁদরের মারামারির মাঝে আচমকা তিনটি কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মাটিতে পড়ে গেলে কুকুরগুলো তার মুখ ও শরীরের বিভিন্ন অংশে কামড় দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডান গাল, পাশাপাশি নাক ও শরীরের অন্য অংশেও কামড়ের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখে মোট ১৭টি সেলাই পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা কুকুরগুলোকে লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বৈষ্ণবীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধ করতে সেলাই করেন। পরিবার জানায়, মুখের চোটের কারণে মেয়েটি বর্তমানে কোনো শক্ত খাবার খেতে পারছেন না, তাই তরল খাবার দেওয়া হচ্ছে স্ট্রের মাধ্যমে।
এই ঘটনার পর পথকুকুরদের দ্রুত ধরে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রাখার দাবি তীব্রভাবে উঠেছে। মেয়েটির পরিবারও ঘটনায় ক্ষুব্ধ এবং চান, যেন আর কোনো সাধারণ মানুষ বা শিশু এমন বিপদের মুখোমুখি না হয়। প্রশাসনের প্রতি তাদের অনুরোধ, শহরের রাস্তায় অবাধ পথকুকুর তত্ত্বাবধান ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, দেশে পথকুকুর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।


