উত্তর দিনাজপুর
শব্দহীন ভালোবাসার জয়, জেলা প্রশাসনের সহায়তায় রায়গঞ্জে সম্পন্ন অনন্য বিবাহ অনুষ্ঠান
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জে (Raiganj) ঘটল এক অনন্য এবং আবেগঘন ঘটনা। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের (North Dinajpur District Administration) উদ্যোগে সম্পন্ন হল এক বিশেষ বিবাহ। মুক ও বধির তরুণী কাজল কুমারী (Kajal Kumari) এবং তরুণ মিঠুন সরকার (Mithun Sarkar) শুক্রবার বিকেলে একে অপরের জীবনসঙ্গী হিসেবে পথচলা শুরু করলেন।
শহরের মোটর কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে (Kali Bari Temple) সামাজিক নিয়ম মেনে পূজার মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। সিঁথিতে সিঁদুর পরিয়ে মিঠুন গ্রহণ করেন কাজলকে। সেই মুহূর্তে উপস্থিত সকলেই হাততালিতে মুখরিত করে তোলে মন্দির চত্বর। হাসি আর আবেগের অশ্রুতে ভরে ওঠে পরিবেশ।
পরিবারহীন কাজল ছোটবেলা থেকেই আশ্রয় পেয়েছেন সূর্যোদয় মুক ও বধির হোমে (Suryodaya Home for the Deaf & Mute)। ২০১৯ সালে সেখানে যোগ দেন তিনি। পরবর্তীতে একটি হোটেলে কাজের সুযোগ পান। অন্যদিকে, রায়গঞ্জের ইন্দিরা কলোনির (Indira Colony) বাসিন্দা মিঠুন সরকারের পরিবার থাকলেও তিনিও শারীরিকভাবে প্রতিবন্ধকতার মুখোমুখি। তবে এই বিশেষ সম্পর্কের প্রস্তাব এসেছিল মিঠুনের পরিবার থেকেই। প্রশাসনের সহায়তায় সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারিত হয় শুক্রবারের এই শুভক্ষণ।
এই বিয়ের ঐতিহাসিক সাক্ষী থাকলেন সূর্যোদয় হোমের অধ্যক্ষ পার্থসারথি দাস (Parthasarathi Das) এবং জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন দীপান্বিতা দে আগারওয়াল (Dipanwita De Agarwal)। আবেগঘন কণ্ঠে অধ্যক্ষ বলেন, “কাজল ২০১৯ সালে হোমে এসেছিল। আজ তাকে সংসার জীবনে পা রাখতে দেখে আমরা গর্বিত ও আনন্দিত।” অন্যদিকে দীপান্বিতা দে আগারওয়াল জানান, “এটি এক ঐতিহাসিক মুহূর্ত। পাত্রপক্ষ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা নিয়েছে। সমাজের সকলকে এইভাবে এগিয়ে আসতে হবে।”
শব্দহীন হৃদয়ের মিলনকে ঘিরে এদিনের এই আয়োজন প্রমাণ করল— ভালোবাসার কাছে ভাষা বা শারীরিক সীমাবদ্ধতা কোনওদিনই বাধা হয়ে দাঁড়ায় না। সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল রায়গঞ্জের এই বিশেষ উদ্যোগ।


