রাজ্যের খবর
দ্বিতীয় দফার ভোটের একদিন আগেই হলদিয়ার SDPO এবং মহিষাদলের CI-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন
নিউজ ডেস্ক, ৩১ মার্চ : রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে বদলি করা হল হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সিআইকে। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে অরিন্দম মানিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
তাঁকেও নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া হবে না। ওই পদে নিয়োগের জন্য ৩ অফিসারের নাম পাঠাতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকে নির্দেশ দিয়েছে কমিশন।হলদিয়ার এসডিপিও ছিলেন বরুণ বৈদ্য। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেলেন উত্তম মিত্র। যতদিন পর্যন্ত না নির্বাচন শেষ হয় ততদিন বরুণ বৈদ্যকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা হবে না। আর মহিষাদলের সিআই বিচিত্র বিকাশ রায়ের পরিবর্তে এলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিআই শীর্ষেন্দু দাস।সূত্রের খবর, হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি-সহ বিরোধীরা। নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকা জারি করে ওই তিনকে সরানোর কথা জানিয়ে দেওয়া হয়।বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে ফের তৎপরতা নির্বাচন কমিশনের।প্রসঙ্গত, এর আগে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল থেকে শুরু করে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলকে পদ থেকে সরিয়েছিল কমিশন৷ এমনকি নন্দীগ্রাম কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক বিবেক সহায় থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের এসপি, ডিএমকেও সরিয়ে দেয় কমিশন৷ তবে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে সরাসরি পদ থেকে না সরালেও তাঁকে পদে রেখেও নিস্ক্রিয় করে রাখার পথে হাঁটল কমিশন৷ রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন।
