ভাইরাল খবর
নিষেধাজ্ঞার মাঝেই আনন্দপুরে শুভেন্দু! শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি হাই কোর্টের
ডিজিটাল ডেস্কঃ আনন্দপুর অগ্নিকাণ্ড (Anandapur fire) ঘিরে রাজনৈতিক চাপানউতোর গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শুক্রবারের মিছিলের উপর শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একাধিক বিধিনিষেধ মেনেই এই মিছিল করতে হবে।
ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (Section 163) বহাল থাকলেও শুভেন্দু বর্তমানে আনন্দপুরের নাজিরাবাদে উপস্থিত। সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, অগ্নিমিত্রা পল, সুব্রত ঠাকুর, নীলাদ্রিশেখর দানা-সহ বিজেপির (BJP) একাধিক নেতা। শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেননি। মানুষের পাশে থাকতেই এসেছি। আইন মেনেই দূর থেকে পরিস্থিতি দেখব।”
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, গড়িয়া শীতলা মন্দির অথবা শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করা যাবে। থানার ২০০ মিটারের আগে থামতে হবে। মিছিলে সর্বাধিক ২০০০ জন অংশ নিতে পারবেন, তবে স্মারকলিপি (memorandum) জমা দিতে যেতে পারবেন মাত্র ৫ জন প্রতিনিধি।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর নাজিরাবাদ এলাকায় জারি রয়েছে জমায়েত নিষেধাজ্ঞা। ধ্বংসস্তূপের মধ্যে এখনও নিখোঁজদের খোঁজ চলছে। উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ ম্যাপিং (DNA mapping) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর ওয়াও মোমো (Wow Momo) সংস্থা বিবৃতি দিয়ে পাশের গুদামের উপর দায় চাপিয়েছে এবং নিহত কর্মীদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে।
