খেলার খবর
১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, তিরন্দাজিতে ভারতের নতুন স্বপ্ন
ডিজিটাল ডেস্কঃ ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরল ক্রিকেট। ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল ক্রিকেটে। সেই ঐতিহাসিক ফেরা এবার হতে চলেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। বুধবার রাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, ছয়টি দেশ অংশ নেবে অলিম্পিক্সের ক্রিকেট বিভাগে। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সমান সংখ্যক দেশ খেলবে। ফরম্যাট হবে টি-টোয়েন্টি, আর প্রতি দলে রাখা যাবে সর্বোচ্চ ১৫ জন সদস্য।
তবে কোন ছয়টি দেশ অংশ নেবে, তা এখনও নিশ্চিত হয়নি। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি সুযোগ পেতে পারে। বাকিদের কোয়ালিফায়ার খেলে জায়গা করে নিতে হবে। আইসিসির অধীনে বর্তমানে ১২টি পূর্ণ সদস্য দেশ রয়েছে। সঙ্গে রয়েছে আরও ৯০টিরও বেশি সহযোগী সদস্য—যারা টি-টোয়েন্টি খেলায় অংশ নিয়ে থাকে। ২০২৮ অলিম্পিকে ফুটবলেও এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। পুরুষদের দলের সংখ্যা যেখানে কমে ১৬ থেকে ১২ করা হয়েছে, সেখানে মহিলাদের দলে উল্টোদিকে বৃদ্ধি ঘটেছে। এবার থেকে ১৬টি মহিলা দল খেলবে অলিম্পিক্সে। আইওসি-র স্পোর্টস ডিরেক্টর কিন ম্যাকোনেল জানালেন, “মহিলাদের ফুটবল বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষত আমেরিকায়। সেই জনপ্রিয়তাকেই স্বীকৃতি দেওয়া হলো এই সিদ্ধান্তে।”
আরও পড়ুনঃ মৌলবীর ডাকে জুতা চুড়ির আন্দোলন এইবার পাকিস্তানেও! ইজরায়েলের আগুন পাকিস্তান
এ বছর আরও একটি নতুন বিভাগ যুক্ত হয়েছে অলিম্পিক্সে—কম্পাউন্ড তিরন্দাজি। এতদিন রিকার্ভ তিরন্দাজি অলিম্পিকে থাকলেও, এবার এই নতুন বিভাগ ভারতের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। কারণ, গত কয়েক বছরে ভারতের কম্পাউন্ড তিরন্দাজেরা আন্তর্জাতিক স্তরে অসাধারণ ফল করেছেন। বিশ্বকাপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিয়মিত পদক এসেছে তাঁদের হাত ধরে। ২০২৮ অলিম্পিক্সে আরও একটি নজিরবিহীন পরিবর্তন আসছে—প্রথমবারের মতো অলিম্পিক্সে অংশগ্রহণকারী মহিলাদের সংখ্যা ছাপিয়ে যাবে পুরুষদের। মোট ৫৬৫৫ জন মহিলা অ্যাথলিট অংশ নেবেন, যেখানে পুরুষদের সংখ্যা থাকবে ৫৫৪৩ জন।
অলিম্পিক্সে এবার বেশ কয়েকটি মিক্সড ইভেন্টও যোগ হয়েছে। তালিকায় রয়েছে টেবিল টেনিস, গলফ, জিমন্যাস্টিক্স, রোয়িং কোস্টাল বিচ স্প্রিন্ট, অ্যাথলেটিক্স এবং তিরন্দাজি। ২০২৮ সালের অলিম্পিক্স যেন হয়ে উঠছে আধুনিকতার ও পরিবর্তনের এক অনন্য মঞ্চ। আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ভারতীয় ক্রীড়াবিদদের নতুন স্বপ্ন ও সম্ভাবনা।
