রাজ্যের খবর
করোনার কবলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন
নিউজ ডেস্ক, ২১ এপ্রিল : করোনা আবহেই রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে করোনা আক্রান্ত হলেন সিপিএম নেতা তথা যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।
বেশ কিছু উপসর্গ থাকায় মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চেস্ট স্ক্যান করা হয়েছে বলে খবর। বাকি পরীক্ষা নিরীক্ষাও করা হয়। বুধবার সকালে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তাঁকে হাসপাতালেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।প্রসঙ্গত, যাদবপুর বিধানসভার প্রার্থীকে প্রথম দেখেই দেখা গিয়েছে একাধিক জনসভা, রোড শো করতে। প্রচুর মানুষের ভিড়ও লক্ষ্য করা গিয়েছে তাঁকে ঘিরে। যাদবপুরের বিদায়ী বিধায়ক সুজন চক্রবর্তী বাম পরিষদীয় নেতা। চতুর্থ দফায় তাঁর কেন্দ্র যাদবপুরে ভোটগ্রহণ মিটেছে। তার পরেও বিভিন্ন জায়গায় দলের হয়ে প্রচারে দেখা গিয়েছে তাঁকে। বাংলায় কোভিডের বাড়বাড়ন্তের জেরে বড় কোনও জমায়েত, মিছিল করবে না বলে জানিয়েছে সিপিএম। এই পরিস্থিতিতে সুজনবাবুর করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন আলিমুদ্দিন।
